বরিশালে তারেক রহমানের সমাবেশে নেতাকর্মীদের ঢল

সংগৃহীত ছবি
মাঠে নেতাকর্মীদের ঢল বাড়ছেই। দীর্ঘ ২০ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল আগমনকে ঘিরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঐতিহাসিক বেলস পার্ক মাঠ ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ভিড় বাড়ছে।
সড়ক ও নৌপথে বরিশাল বিভাগের ৬টি জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন।
ভোর থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। অনেকেই ফজরের নামাজ শেষ করে মাঠে অবস্থান নেন। নারী নেতাকর্মীদের উপস্থিতিও উল্লেখযোগ্য। বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগান নিয়ে মাঠে প্রবেশ করছেন।
মাঠজুড়ে বিরাজ করছে সাজ সাজ রব। বেলুন, ধানের শীষ প্রতীক ও দলীয় রঙে সাজানো হয়েছে বেলস পার্ক মাঠ। ব্যানার–ফেস্টুন ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।
বুধবার দুপুর ১২টায় এখানে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। দলীয় সূত্র জানিয়েছে, এই সমাবেশে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন।
সমাবেশস্থলে প্রস্তুতিও সম্পন্ন। মাঠের উত্তর পাশে বড় মঞ্চ তৈরি করা হয়েছে। নারী নেতাকর্মীদের জন্য আলাদা বসার ব্যবস্থা রাখা হয়েছে। পুরো এলাকা তোরণ, ব্যানার ও ফেস্টুনে সাজানো।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, তারেক রহমানের বরিশাল আগমন দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার বহিঃপ্রকাশ। মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে তারা পরিবর্তন ও গণতন্ত্র চায়।
উল্লেখ্য, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই বেলস পার্ক মাঠে সর্বশেষ ২০০৮ সালে নির্বাচনী জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ ১৬ বছর পর একই মাঠে তারেক রহমানের আগমনকে ঘিরে দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

