মামলা দিলে শ শ পাটোয়ারী রাজপথে নামবে: নাহিদ

ছবিঃ আগামীর সময়
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলার আবেদনের খবরে দলের পক্ষ থেকে এসেছে তীব্র প্রতিক্রিয়া ও হুঁশিয়ারি। এনসিপির আহবায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, পাটওয়ারীর নামে মামলা হলে তৈরি হবে শ শ পাটওয়ারী।
বরিশাল নগরীর হালিমা খাতুন স্কুল মাঠে রবিবার এনসিপির বরিশাল বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। এসময় বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসের উদ্দেশ্যে কড়া বার্তা দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো এবং মানহানির অভিযোগে আদালতে রবিবার মামলার আবেদন করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম এই আবেদন করেন।
মামলা গ্রহণ করে পাটওয়ারীকে আদালতে হাজিরে সমন জারি করেন বিচারক। এরপর সন্ধ্যায় ইফতার মাহফিলে এ নিয়ে প্রতিক্রিয়া জানান এনসিপির দুই নেতা।
এনসিপির আহবায়ক নাহিদ শুরুতে বিএনপির বিরুদ্ধে তোলেন অভিযোগ।
‘আপনাদের সামনে আমাদের সাথে নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, ফলাফলে যে কারচুপি হয়েছে তার প্রমান নাসির উদ্দিন পাটেয়ারী ও সারজিস আলম... সরকার শপথের দিনেই জনগণের প্রতি যে কমিটমেন্ট ছিল সেটি ভঙ্গ করেছে... আজকে বাংলাদেশে মব তৈরি করে ব্যাংক দখলের চেষ্টা করা হচ্ছে, সংসদে ঋণখেলাপিদের নিয়ে যাওয়া হয়েছে... দুদককে দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে’।
বিএনপি নেতা মির্জা আব্বাসকে ইঙ্গিত করে তার বক্তব্য, ‘আমরা এমন দিকে যাচ্ছি যে, আপনি চাঁদাবাজকে চাঁদাবাজ বললে আপনার বিরুদ্ধে মামলা দেওয়া হবে। সেই পুরোনো কায়দা, সেই পুরোনো সিস্টেম; কিন্তু তারা ভুলে গিয়েছে এই প্রজন্মের সাথে সেই পুরোনো কায়দা করে লাভ নেই। প্রচুর হামলা-মামলা-হুলিয়া অতিক্রম করে গণঅভ্যুত্থান হয়েছে জাতীয় নাগরিক পার্টির শহীদদের রক্তের উপর দিয়ে। আজকে নাসিরুউদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে যদি মামলা দেওয়া হয়, তাহলে বাংলাদেশে শ শ পাটওয়ারী তৈরি হবে... চাঁদাবাজদের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়ে যাবে।’
১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনে সংস্কার কমিশন গঠিত না হলে ফের রাজপথে নেমে চাঁদাবাজ-ঋণখেলাপীদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ করা হবে বলে হুঁশিয়ার করলেন বিরোধী দলীয় চিফ হুইপ।
এ সময় ‘ভারতের সঙ্গে চুক্তি করে’ তারেক রহমান ক্ষমতায় এসেছেন বলে দাবি করেন নাসিরুদ্দীন পাটওয়ারী।
বিএনপির উদ্দেশ্যে তিনি বললেন, ‘আপনারা যতই চেষ্টা করুন না কেন, বাংলাদেশের মানুষ ভারতীয় দাস হিসেবে জীবন যাপন করতে রাজি নয়... এই জন্য তারেক রহমানকে আমরা অনুরোধ করব, আপনি যেভাবেই ক্ষমতায় আসুন না কেন, ভারতে সাথে হয়ত চুক্তি করে এসেছেন। এখন একটু চুক্তিটা বন্ধ করে দেন। যদি আপনাকে ক্ষমতায় থাকতে হয়, তাহলে ভারতে সাথে নয় বাংলাদেশের মানুষের সাথে থাকতে হবে।’
ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকরে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধও জানান এই নেতা।
এরপর মামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের উদ্দেশ্যে ঝাড়েন ক্ষোভ, করেন কটাক্ষ।
‘আপনি ঢাকা-৮ এ ফেল করেছেন। আপনাকে তারেক জিয়া এসে রক্ষা করেছেন। তারেক জিয়া যদি রক্ষা না করত, তাহলে মির্জা আব্বাসের চুনোপুটিও ঢাকা-৮ এ আমরা খুঁজে পেতাম না।’
মামলায় ভয় পেয়ে আপস করবেন না বলে জানালেন ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী পাটওয়ারী। বিএনপির এই জ্যেষ্ঠ নেতাকে ‘সতর্ক’ হওয়ার কথাও বললেন তিনি।
অন্যদিকে, পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় উল্টো দল থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন রমনা থানার বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সই বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলা করে তিনি দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে আশরাফুলকে।

