জাল ভোটের প্রস্তুতি দেখছেন মাহদী, ফখরুল বললেন ‘শঙ্কা নেই’

ছবিঃ আগামীর সময়
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি পরপর দুদিন 'একটি দলের' বিরুদ্ধে জাল ভোটের প্রস্তুতির অভিযোগ তুললেও দলটির মহাসচিব উড়িয়ে দিয়েছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কা। ভোটের পরিবেশ ভালো বলেও মন্তব্য করেন তিনি।
রাজধানীতে মঙ্গলবার দুপুরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেন, 'সারা দেশে বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য, ইনশা আল্লাহ। এই বাস্তবতা উপলদ্ধি করে, একটি নির্দিষ্ট দল ক্রমাগত অপপ্রচার ছড়াচ্ছে, সহিংস রাজনীতির ইঙ্গিত দিচ্ছে, ধর্মকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করে ভোট চাইছে এবং এমনকি জাল ভোটের প্রস্তুতিও দেখা যাচ্ছে। জনরায়ের শক্তির মুখে দাঁড়িয়ে এ ধরনের অপকৌশলই তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ।'
মাহদী আমিন বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে তথাকথিত অবস্থানকে পুঁজি করে যে দলটি নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, তারা সেই প্রচারণাতেই মানুষকে, এমনকি শিশুদেরও অর্থ দিয়ে প্রলুব্ধ করছেন, যা নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন।'
সংবাদ সম্মেলনে সহিংসতার অভিযোগ তুলে মাহদী আমিন বলেন, 'কুমিল্লা-১১ চৌদ্দগ্রামে রাতের আঁধারে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির নেতা–কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। বগুড়া-৪ আসনের নন্দীগ্রাম উপজেলার ৪ নম্বর থালতামাঝ গ্রামেও হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে, যা জনমনে চরম ভীতি সৃষ্টি করেছে।'
অন্যদিকে, ঠাকুরগাঁওয়ে মঙ্গলবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'এবারের নির্বাচনে চেক অ্যান্ড ব্যালেন্স ও কাউন্টার ব্যালেন্স সঠিকভাবে থাকায় নির্বাচনে তথাকথিত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা নেই। বিএনপি ল্যান্ডস্লাইড জয় পাবে বলে আমরা আশাবাদী।’
'তবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কিছুটা উদ্বেগ থেকে যায়, কারণ বিগত ১৫ বছরের নির্বাচনে এত বেশি কারচুপি ও ইঞ্জিনিয়ারিং হয়েছে যে অনেকে ভালো নির্বাচন হতে পারে, ভাবতেই পারেন না। তবে সার্বিকভাবে মনে হচ্ছে এবারের নির্বাচন ভালো হবে এবং ইঞ্জিনিয়ারিং কার্যকর প্রভাব ফেলতে পারবে না।’
মাঠ প্রশাসন জামায়াতে ইসলামীর দখলে- এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকের প্রশ্নে বিএনপির মহাসচিব বলেন, ‘এ ধরনের অভিযোগ গণমাধ্যমে এসেছে। কিন্তু আমি বিষয়টিকে সেভাবে দেখছি না। সরকারি কর্মচারী-কর্মকর্তারা তাদের দায়িত্ব পালন করবেন বলেই আমার ধারণা। রাজনৈতিক মতামত অনেকের থাকতে পারে, কিন্তু দায়িত্ব পালনে সবারই নিয়ম মেনে কাজ করা উচিত।'
জামায়াত কৌশলী দল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 'আমরা সব নির্বাচনকে গুরুত্ব দেই। প্রতিপক্ষকে দুর্বল মনে করি না। জামায়াত কৌশলে বিভিন্নভাবে প্রচার চালায়। নানা ভুয়া নিউজ ছড়িয়ে দেয়। আমরা পজিটিভ রাজনীতি করছি।'
বিএনপি গত ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ অভিযোগ তোলে। দলটির নির্বাচনি মুখপাত্র মাহদী আমিন লক্ষ্মীপুরে ‘ভোটের সিল তৈরির’ অভিযোগ করেন।
সোমবারও তিনি বলেন, 'আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, দেশের বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণ বোরকা ও নিকাব বানানো হচ্ছে। কী উদ্দেশ্যে এমনটি করা হচ্ছে তা খতিয়ে দেখা জরুরি। বিএনপি একটি ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দল হিসেবে নারীর পর্দার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। বোরকা ও নিকাব আমাদের ধর্মীয় সংস্কৃতির অংশ। তবে এই পবিত্র পোশাককে ঢাল হিসেবে ব্যবহার করে মিথ্যা পরিচয়ে জালভোট দেয়ার চেষ্টা করা হলে তা হবে চরম অনৈতিক ও নিন্দনীয়।'
ভোটের স্বচ্ছতা নিশ্চিতে সন্দেহজনক ভোটারদের পরিচয় যাচাইয়ের দাবি জানিয়ে তিনি বলেন, 'এনআইডি কার্ড বা পাসপোর্টের ছবি তোলার সময় যেভাবে মুখমণ্ডল অনাবৃত করা হয়, ঠিক সেভাবেই নারী প্রিসাইডিং কর্মকর্তা বা নারী পোলিং এজেন্টের উপস্থিতিতে ভোটারের পরিচয় নিশ্চিত করতে হবে। পর্দার মর্যাদা রক্ষা করেই আমরা স্বচ্ছ ভোট নিশ্চিতের দাবি জানাচ্ছি।'
এর আগে রোববার দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রাজধানীতে এক গণসংযোগে বলেন, 'সরকারে থাকা একটি মহল নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে। তারা ২০০৮ সালের মতো প্রভাবিত নির্বাচন করতে চায়। ফলাফল পরিবর্তনেরও শঙ্কা রয়েছে।'
আরেক জনসভায় সোমবারও তিনি এই আশঙ্কা জানান। তিনি বলেন, 'দেশের জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তবে কিছু মহল ঢাকাসহ দেশের কয়েকটি আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফল প্রভাবিত করার ষড়যন্ত্র করছে।'
তবে ভোটের একদিন আগে এসব শঙ্কাকে 'তথাকথিত' বলে উড়িয়ে দিলেন বিএনপি মহাসচিব।

