অধিকার প্রতিষ্ঠায় বিএনপি শুরু থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছে: মঈন খান

ফাইল ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন কেবল একজন রাজনৈতিক নেতার ফেরা নয় এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একটি প্রতীক। তিনি বলেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটেছে এবং দেশের মানুষের ভোটাধিকার আবার মুক্ত হয়েছে। অধিকার প্রতিষ্ঠায় বিএনপি শুরু থেকেই ধারাবাহিকভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কালিগঞ্জ আর আর এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. মঈন খান।
তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরেই পরিবর্তনের অপেক্ষায় ছিল। এখন সেই পরিবর্তনের পথে এগিয়ে যাওয়ার সাহস ও প্রস্তুতি জনগণের মধ্যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তার ভাষায়, ধানের শীষ আজ সাধারণ মানুষের আশা, আস্থা ও ভবিষ্যতের প্রতীক হয়ে উঠেছে।
ড. মঈন খান জনগণের সক্রিয় অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।
কালিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক হুসেন আরমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু ও কালিগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব ইব্রাহিম প্রধানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক সাফিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

