আগামীর সময়

জোট করার প্রশ্নই আসে না: সালাহউদ্দিন আহমদ

জোট করার প্রশ্নই আসে না: সালাহউদ্দিন আহমদ

ফাইল ছবি

দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জাতীয় সংসদে যাচ্ছে বিএনপি। সুতরাং সরকার গঠনের ক্ষেত্রে অন্য কোনো দলের বা কারো সঙ্গে জোট করার প্রশ্নই আসে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ফলাফল হাতে পাওয়ার পর নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিভিন্ন সোর্স, গণমাধ্যমের বন্ধুদের সংবাদ, কেন্দ্রীয়ভাবে আমাদের যে নির্বাচনী সেল আছে ওখান থেকে যেটুকু জেনেছি এবং সারা দেশের জেলা পর্যায়ে থেকে আমরা যে ফলাফলগুলো বেসরকারিভাবে কালেকশন করে যেগুলো জানতে পেরেছি তাতে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি মেজরিটি নিয়ে ইনশাআল্লাহ জাতীয় সংসদে যাবে। সুতরাং সরকার গঠনের ক্ষেত্রে অন্য কোনো দলের বা কারো সঙ্গে জোট করার প্রশ্নই আসে না।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আমরা জাতীয় সরকার গঠন করার ক্ষেত্রে আমাদের ৩১ দফাতে উল্লেখ করেছি- যারা আমাদের সঙ্গে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে, যুগপৎ আন্দোলনে শরিক ছিল তাদেরকে সঙ্গে নিয়ে নির্বাচন করা এবং যদি ফ্যাসিবাদের পতন হয় তখনকার ভাষ্যে বলেছি, সবাই মিলে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকার গঠন করব, এই জাতীয় সরকার কিন্তু সংসদে যারাই আছে সবাইকে নিয়ে জাতীয় সরকার নয়, ঐকমত্যের ভিত্তিতে যারা আমরা ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যুগপতের সঙ্গী ছিলাম তাদেরকে নিয়ে সরকার গঠন করা, নির্বাচন করা, সেটা আমরা করেছি। নির্বাচন হয়েছে এবং এরপরে সরকার গঠনের ক্ষেত্রে আমাদের সেই মনোযোগটা থাকবে, প্রতিশ্রুতি থাকবে।

সালাহউদ্দিন বলেন, ভেরি ভাইব্রেন্ট বিরোধী দল দরকার সংসদে। কারণ, এটা সুশাসনের জন্য যেটা বলা হয় যে দায়িত্বশীল সরকার নিশ্চিত করার জন্য একটা শক্তিশালী বিরোধী দল সবসময় জাতীয় সংসদে দরকার, যাতে চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে। সেরকম আমরা আশা করি।

তিনি বলেন, আমরা কোনো বিজয় উল্লাস করব না। আমাদের দায়িত্ব অনেক বেশি। কর্তব্যের বোঝা অনেক বেশি। বিজয় উল্লাস করার মধ্য দিয়ে আমরা কোনো উত্তেজনা সৃষ্টি করতে চাই না। আর এ বিজয় আমাদের কাছে প্রত্যাশিত ছিল। আমরা নির্বাচনের আগেও এবং নির্বাচনের পরে আমাদের চেয়ারম্যান সাহেব স্বদেশ প্রত্যাবর্তনের পরে আমরা জনগণের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি এবং যে সমর্থন পেয়েছি, সারা দেশে আমাদের চেয়ারম্যান সাহেবকে দেখার জন্য, উনার কথা শোনার জন্য সারারাত ধরে মানুষ অপেক্ষা করেছে, ভোর রাত পর্যন্ত। তখনই আমরা মেসেজ পেয়ে গেছি এ দেশের মানুষ কী চায়? তাছাড়া বিএনপি এ দেশের গণমানুষের পরীক্ষিত দল। গণতন্ত্রকে বারবার রক্ষা করার, উদ্ধার করার দল। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার দল এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার দল।

সালেহউদ্দিন আরও বলেন, ১৯৭৯ সাল থেকে বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পক্ষে কাজ করে আসছে। তার ভাষায়, রাষ্ট্র পরিচালনায় ভুল হতেই পারে, কিন্তু দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও নিরাপত্তা বিএনপির হাতেই সুরক্ষিত এ বিশ্বাস থেকেই জনগণ রায় দিয়েছে।



    শেয়ার করুন: