উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতই অগ্রাধিকার: শামা ওবায়েদ

সংগৃহীত ছবি
নির্বাচনে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ার পর দলীয় নেতাকর্মীসহ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
পোস্টে শামা ওবায়েদ লিখেন, প্রিয়- নগরকান্দা ও সালথাবাসী আপনাদের ভালোবাসা, আস্থা ও দোয়ার ফলেই আমি বিপুল ভোটে বিজয় অর্জন করেছি। এই বিজয় কোনো ব্যক্তির নয়, এটি নগরকান্দা ও সালথার প্রতিটি মানুষের বিজয়।
কৃষক, শ্রমিক, দিনমজুর, ছোট ব্যবসায়ী, তরুণ-তরুণী, মা-বোন ও আপনারা যে বিশ্বাস আমার ওপর রেখেছেন, আমি সেই বিশ্বাসের মর্যাদা রাখার অঙ্গীকার করছি। এই বিজয় উল্লাসের নয়, এটি দায়িত্বের।
তিনি লিখেন, ‘দলমত নির্বিশেষে নগরকান্দা ও সালথার প্রতিটি মানুষ আমার আপনজন। আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো-ইনশাআল্লাহ। আমি কৃতজ্ঞ সকল নেতাকর্মী, স্বেচ্ছাসেবক, সমর্থক এবং নিরপেক্ষ ভোটারদের প্রতি- যারা শান্তিপূর্ণ ও দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন।’
ঐক্যের রাজনীতির আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, ভয় নয়, বিশ্বাসের রাজনীতি করি। ক্ষমতার নয়, মানুষের রাজনীতি করি। নগরকান্দা ও সালথার উন্নয়ন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষাই হবে আমার অগ্রাধিকার। আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

