নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবে জামায়াত: ডা. তাহের

ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের
জামায়াত ইসলামীর নায়েবে আমীর ও ১১ দলীয় জোটের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে যেকোনো ফলাফল মেনে নেবে জামায়াত।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া শেষে তিনি একথা বলেন।
এর আগে কুমিল্লার চৌদ্দগ্রামের পশ্চিম ডেকরা গ্রামে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে ভোট দিতে আসেন জামায়াতের নায়েবে আমীর। ভোট দেওয়া শেষে ডা. তাহের বলেন, নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে। আশা করি ১১ দলীয় ঐক্যজোটের বিজয় হবে। যদি এভাবে ভোটগ্রহণ চলে, তবে আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব।
তিনি বলেন, দুই-চারটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হচ্ছে। এভাবে চললে ৭০ শতাংশ ভোট কাস্ট হবে। ডা. তাহের আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম বিজয়ের আশা রাখে। সারা দেশ থেকে ভালো খবর পাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হলে যেকোনো ফলাফল মেনে নেবে জামায়াত।

