মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

সংগৃহীত ছবি
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে তিনি হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।
হাসপাতাল পরিদর্শনকালে ডা. শফিকুর রহমান সেখানে অবস্থানরত মির্জা আব্বাসের স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং তার চলমান চিকিৎসার বিষয়ে বিস্তারিত খোঁজ নেন।
এ সময় তিনি মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করেন। জামায়াত আমিরের সঙ্গে এ সময় ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি ডা. এস এম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।
এর আগে, বুধবার ইফতারের সময় পানি পান করার সময়ই হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

