ভূমিধস সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপিকে পাকিস্তানের শুভেচ্ছা

সংগৃহীত ছবি
'ভূমিধস সংখ্যাগরিষ্ঠতা' পেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় বিএনপি ও এর চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান।
দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন রয়েছে। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতেও আগ্রহী পাকিস্তান।
ঢাকায় নতুন রাজনৈতিক পরিবেশ গোটা অঞ্চলে আরও ভারসাম্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক সম্মানভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে বলেও আশা করেন তিনি।
তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। ২৯৯টি আসনে সফলভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকেও তিনি অভিনন্দন জানান।
বার্তায় বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি বলেন, ‘আমি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ। আমাদের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং দক্ষিণ এশিয়াসহ বিশ্বজুড়ে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য পূরণে আমরা একসঙ্গে কাজ করব।’

