বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারে ১৫ ছাত্রদল নেতা বহিষ্কার

ফাইল ছবি
দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় ময়মনসিংহে ছাত্রদলের ১৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে। জেলা উত্তর ছাত্রদলের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন তালুকদারের সই করা চিঠিতে রোববার এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, আবদুল্লাহ আল সাইফ, সদস্য পল্লব হাসান, হালুয়াঘাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন সরকার, নাজমুল হোসেন রানা, রাসং চিরান, ধোবাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, মোশাররফ হোসেন, সদস্য দেলোয়ার হোসেন, ৫ নম্বর গোয়াতলা ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি তমাল রশিদ, ৩ নম্বর ধোবাউড়া সদর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি নাজমুল হোসাইন, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিকরুল হাসান (জিকু), ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম (সোহাগ), নান্দাইলের আশরাফ চৌধুরী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ তানিম খান ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আশিক খান।
সাদ্দাম হোসেন তালুকদার বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রাথমিক পদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।’
এর আগে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে মনোনীত প্রার্থীর বিপক্ষে এবং দলের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় ৩০ জনকে বহিষ্কার করে বিএনপি। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে গত ৩১ জানুয়ারি প্রকাশ হওয়া বহিষ্কারের চিঠিতে প্রথমে ২৯ জনের তালিকা দেয়া হয়। পরে সংশোধনী দিয়ে ৩০ জনকে বহিষ্কারের তথ্য জানানো হয়।
ময়মনসিংহ-১ আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ। তার প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) সালমান ওমর। এ আসনে ওমরের নির্বাচনী কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে ১৬ জানুয়ারি বিএনপি প্রার্থীর সমর্থকদের ছুরিকাঘাতে বিদ্রোহী প্রার্থীর এক কর্মী খুন হন।

