আগামীর সময়

১ শতাংশ ভোটও পেল না জাতীয় পার্টি!

১ শতাংশ ভোটও পেল না জাতীয় পার্টি!

ফাইল ছবি

এক সময় রাষ্ট্রক্ষমতায় থাকা দল জাতীয় পার্টির ত্রয়োদশ সংসদ নির্বাচনে চরম বিপর্যয় ঘটেছে। টানা তিন মেয়াদ কথিত বিরোধী দলের আসনে বসা দলটি এবারের সংসদ নির্বাচনে একটি আসনও পায়নি। এমনকি ভোটের হারে এক শতাংশ ভোটও পায়নি দলটি। যদিও দেড় শতাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন লাঙল প্রতীকের প্রার্থীরা।


রোববার নির্বাচন কমিশন এবারের নির্বাচনে কে কত শতাংশ ভোট পেয়েছে এর প্রতিবেদন দিয়েছে।


এতে দেখা যায়— জাতীয় পার্টির প্রাপ্ত ভোটের হার এক শতাংশেরও কম। দলটি ভোট পেয়েছে ০ দশমিক ৮৯ শতাংশ। অনেক ছোট দলও এর চেয়ে বেশি ভোট পেয়েছে। এমনকি এক বছর বয়সী দল জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) জাতীয় পার্টির তিন গুণ ভোট পেয়েছে।


ইসি সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে বিএনপি ভোট পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ, জামায়াতে ইসলামী ৩১ দশমিক ৭৬ শতাংশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট।


এর আগে গত বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হয় জাতীয় পার্টি। সারা দেশে দলটি একটি আসনও পায়নি। এমনকি দলের চেয়ারম্যান, মহাসচিবসহ অধিকাংশ প্রার্থী মূলত প্রতিদ্বন্দ্বিতাতেই আসতে পারেননি।


সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বিগত শতাব্দীর আশির দশকে ক্ষমতার মসনদে বসে জাতীয় পার্টি নামে দলটি গঠন করেন। নব্বইয়ে পতনের আগ পর্যন্ত জাতীয় পার্টি ক্ষমতায় ছিল। এমনকি ক্ষমতা হারানোর পরও জাতীয় পার্টি তৃতীয় বৃহৎ দল হিসেবে পরিগণিত হতো। প্রতিটি নির্বাচনেই দলটির শক্তিশালী অবস্থান ছিল জাতীয় সংসদে। রংপুরসহ উত্তরাঞ্চলকে জাতীয় পার্টির দুর্গ হিসেবে গণ্য করা হতো। আওয়ামী লীগ ও বিএনপির মতো দলকে চ্যালেঞ্জ জানিয়ে জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হয়ে আসতেন।

    শেয়ার করুন: