এই ভোটের মাধ্যমে নতুন অধ্যায়ের শুরু হোক: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০১৪ সাল, ২০১৮ সালে, ২০২৪ সালে জেলেই ছিলাম। তিনটা ভোট হারানোর পরে আজ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের শুরু হোক দোয়া করি।
আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় মনিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে (বালক শাখা) ভোট দিয়ে এসব কথা বলেন তিনি। ঢাকা-১৫ সংসদীয় আসনে নির্বাচন করছেন তিনি।
জামায়াতে ইসলামীর আমির বলেন, আমি বিশ্বাস করি শুধু আমি না, দেশের যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই আজকের এই ভোটটার জন্য তাঁরা বড় অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ, সুষ্ঠ, সংঘাতমুক্ত এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক সেটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে এমন সরকার গঠন হোক যে কোনো ব্যক্তি, পরিবার, দলের হবে না, হবে ১৮ কোটি মানুষের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশা করি। আজকে ভোট দিয়ে শুরু করলাম। অনান্য কেন্দ্রেও যাব।
শফিকুর রহমান বলেন, এই দেশটা গড়তে হবে সকলে মিলে। দেশ গড়ার কাজে আমরা গণমাধ্যমকে আমাদের পাশে চাই। মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক সেটা আমরা কখনোই চাই না।
জামায়াতে ইসলামীর আমির বলেন, ভোট যখন সুষ্ঠ হবে, নিরপেক্ষ হবে সেটা আমরাও মানব আপনাদেরও মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণমাধ্যম একই নিউজ ভিন্নভাবে পরিবেশন করে। কেউ যদি অপরাধ করে থাকে, সেটা আমি হলেও আমি অপরাধের বিপক্ষে। কিন্তু অপরাধ নয় সেটাকে আবার জোর করে অপরাধ বানানো সেটা আরেকটা বড় অপরাধ।’

