আগামীর সময়

৩ ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না

৩ ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না

ফাইল ছবি

মহানবী মুহাম্মদ (সা.) বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, তখন আল্লাহ হয় তার দোয়া কবুল করেন, নয়তো তার পথে আসা কোনো বিপদ দূর করে দেন।

তিন ধরনের মানুষ আছে, যাদের দোয়া আল্লাহ কবুল করবেন বলে হাদিসে বর্ণিত হয়েছে। তবে যদি কেউ ইসলামে অগ্রহণযোগ্য বা ইসলামের নিয়মবিরোধী কিছুর জন্য দোয়া করে, তবে তা কোনোভাবেই কবুল হয় না।

হাদিসের বর্ণনা

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন;

ثَلَاثَةٌ لَا تُرَدُّ دَعْوَتُهُمْ: الصَّائِمُ حِينَ يُفْطِرُ، وَالإِمَامُ الْعَادِلُ، وَدَعْوَةُ الْمَظْلُومِ، يَرْفَعُهَا اللَّهُ فَوْقَ الْغَمَامِ، وَيَفْتَحُ لَهَا أَبْوَابَ السَّمَاءِ، وَيَقُولُ الرَّبُّ: وَعِزَّتِي لَأَنْصُرَنَّكِ وَلَوْ بَعْدَ حِينٍ

তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না—

১) ইফতারের সময় রোজাদারের দোয়া,

২) ন্যায়পরায়ণ শাসকের দোয়া,

৩) মজলুম বা অত্যাচারিতের দোয়া।

১) ইফতারের সময় দোয়ার স্বর্ণক্ষেত্র

রোজাদার সারাদিন সংযম, ধৈর্য ও আল্লাহভীতির মাধ্যমে নিজের নফসকে দমন করেন। ইফতারের মুহূর্তে এই আত্মসংযমের পর হৃদয় থাকে নরম ও বিনয়ী। তাই এই সময় দোয়া কবুল হয়। এটি আমাদের শেখায় ইফতারের আগে দুনিয়াবি ব্যস্ততায় নয়, দোয়ায় মনোযোগী হওয়া।

২) ন্যায়পরায়ণতার শক্তি

ন্যায়পরায়ণ শাসক শুধু প্রশাসক নন, বরং সমাজে আল্লাহর ন্যায়বিচারের প্রতিনিধিত্ব করেন। তার দোয়া কবুল হওয়া প্রমাণ করে ন্যায় ও ইনসাফ আল্লাহর কাছে কতটা প্রিয়।

৩) মজলুমের দোয়ার ভয়াবহ শক্তি

আল্লাহর সঙ্গে মজলুমের কোনো পর্দা নেই। তার চোখের জল, কষ্টের আর্তনাদ সরাসরি আরশের দিকে উঠে যায়। দেরি হতে পারে, কিন্তু অবিচারী কখনো রেহাই পায় না এটাই আল্লাহর অকাট্য ঘোষণা। কুরআনেও আল্লাহ তাআলা বলেন-

وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ

‘জালিমরা যা করে, আল্লাহ তা সম্পর্কে উদাসীন নন।’ (সুরা ইবরাহিম: আয়াত ৪২)

হাদিসের আলোকে আমাদের করণীয়

* ইফতারের আগে দুনিয়াবি কথাবার্তা কমিয়ে আন্তরিকভাবে দোয়া করা,

* অন্যের ওপর জুলুম থেকে সম্পূর্ণ বিরত থাকা,

* কারও অধিকার নষ্ট হলে দ্রুত তা ফিরিয়ে দেওয়া,

* মজলুমের পাশে দাঁড়ানো, তার পক্ষে কথা বলা,

* ক্ষমতা বা দায়িত্বে থাকলে সর্বোচ্চ ন্যায়পরায়ণ হওয়ার চেষ্টা করা কারণ, আজ যে জুলুম করছে আগামীকাল সে নিজেই মজলুম হয়ে আল্লাহর দরজায় দাঁড়াতে পারে।


    শেয়ার করুন: