হাদি হত্যার তদন্তে সর্বোচ্চ সহযোগিতা করবেন ড. ইউনূস : হাদির স্ত্রী

ফাইল ছবি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার ঘটনায় আন্তর্জাতিক তদন্তের ব্যাপারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সর্বোচ্চ সহায়তা করবেন বলে আশ্বাস দিয়েছেন। হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পার সঙ্গে সাক্ষাতকালে তিনি এই আশ্বাস দেন। এক ফেসবুক স্ট্যাটাসে রাবেয়া নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
রাবেয়া বলেন, ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার আজ ১২টায় তার বাসভবনে ফিরনাসকে এবং আমাকে সাক্ষাৎ করতে ডেকেছিলেন। সেই আসা হলো, মাঝখানে আমার ইনকিলাবের ভাইবোনগুলোকে নির্যাতনের শিকার হতে হলো। এতে স্পষ্ট বোঝা যায় সরকারের একপক্ষ এখনও হাসিনার দোসর।
সাক্ষাতের উদ্দেশ্য জানা ছিল না উল্লেখ করে রাবেয়া লিখেছেন, ফিরনাসকে দেখাশোনার জন্য ড. মুহাম্মদ ইউনূস স্যার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার কাগজপত্র হস্তান্তরের জন্য আমাদের আসতে বলা হয়েছিল। আমি তাকে স্পষ্ট করে বলেছি, আপনি কি আমার স্বামীর বিচারের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবেন; না হলে আমার ফিরনাস কোন কিছুই গ্রহণ করবে না।
তিনি আরো লিখেছেন, প্রধান উপদেষ্টা আমাকে আশ্বস্ত করেছেন যে হাদিকে সঠিক বিচার পাইয়ে দিতে তার হাতে যা কিছু আছে করবেন। আমার ভাইবোনগুলোর ওপর যে হামলা করা হয়েছে তাতেও তিনি দুঃখ প্রকাশ করেছেন।
শেষে রাবেয়া লিখেছেন, তিনি পুরোপুরি আশ্বাস দিয়েছেন যে আন্তর্জাতিকভাবে এই হত্যার তদন্তের ব্যাপারে সর্বোচ্চ সহায়তা করবেন। সেই আশ্বাস পাওয়ার পরেই আমি ওখান থেকে এসেছি।

