আগামীর সময়

গোলের উল্লাস থেকে বর্ণবাদ ইস্যু, ফের আলোচনার কেন্দ্রে ভিনি

গোলের উল্লাস থেকে বর্ণবাদ ইস্যু, ফের আলোচনার কেন্দ্রে ভিনি

সংগৃহীত ছবি

উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্লে–অফে প্রথম লেগে মঙ্গলবার রাতে বেনফিকার মাঠে ১–০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। একমাত্র গোলটি করেন দলের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তবে ম্যাচের ৫০ মিনিটে করা সেই গোলের উদ্‌যাপন ঘিরেই সৃষ্টি হয় তীব্র বিতর্ক।

গোলের পর কর্নার ফ্ল্যাগের কাছে বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ভিনিসিয়ুস। পরে তিনি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরর কাছে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ করেন। বর্ণবাদবিরোধী প্রটোকল অনুসরণ করে রেফারি প্রায় ১০ মিনিটের বেশি সময় খেলা বন্ধ রাখেন। রিয়ালের মিডফিল্ডার অঁরেলিয়ে চুয়ামেনি পরে জানান, প্রেস্তিয়ান্নি তাঁকে ‘বানর’ বলে সম্বোধন করেছেন—এমন কথাই সতীর্থদের বলেছেন ভিনিসিয়ুস।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, প্রেস্তিয়ান্নি জার্সি দিয়ে মুখ ঢেকে ভিনিসিয়ুসের সঙ্গে কথা বলছেন। এরপর ভিনিসিয়ুস আঙুল তুলে তাঁকে দেখিয়ে রেফারির কাছে যান। লেতেক্সিয়ের দুই হাত বুকের সামনে ক্রস করে বর্ণবাদী আচরণের অভিযোগের আনুষ্ঠানিক সংকেত দেন। অতীতেও একাধিকবার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন ভিনিসিয়ুস।

ম্যাচ শেষে ইনস্টাগ্রামে ভিনিসিয়ুস লেখেন, ‘বর্ণবাদীরা কাপুরুষ। নিজেদের দুর্বলতা ঢাকতেই তারা মুখে জার্সি তুলে কথা বলে।’

অন্যদিকে প্রায় চার ঘণ্টা পর ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে প্রেস্তিয়ান্নি অভিযোগ অস্বীকার করেন। তাঁর ভাষ্য, ‘আমি কখনোই ভিনিসিয়ুস জুনিয়রকে বর্ণবাদী মন্তব্য করিনি। সে ভুল বুঝেছে। আমি কারও প্রতি বর্ণবাদী নই।’

ঘটনার পর ভিনিসিয়ুস কথা বলেন রিয়ালের কোচ আলভারো আরবেলোয়া, বেনফিকার কোচ জোসে মরিনিও ও সতীর্থদের সঙ্গে। আরবেলোয়া পরে জানান, প্রয়োজন হলে দল মাঠ ছাড়তেও প্রস্তুত ছিল, তবে আলোচনার পর খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আরবেলোয়া বলেন, ‘বর্ণবাদের ব্যাপারে শূন্য সহনশীলতা দেখাতে হবে। ২০২৬ সালে এসে মাঠে এমন ঘটনা গ্রহণযোগ্য নয়। আমি ভিনিকে জিজ্ঞাসা করেছি, সে খেলা চালিয়ে যেতে চায় কি না। আমরা সব সময় তার পাশে আছি।’

রিয়ালের তারকা কিলিয়ান এমবাপ্পে মিক্সড জোনে দাবি করেন, প্রেস্তিয়ান্নি একাধিকবার বর্ণবাদী মন্তব্য করেছেন। ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড বলেন, ‘এটা খেলাধুলা ও সমাজ—দুটোর জন্যই লজ্জাজনক।’ মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দে জানান, কাছাকাছি থাকা সতীর্থদের কাছ থেকে তিনি আপত্তিকর মন্তব্যের কথা শুনেছেন।

তবে বেনফিকার মিডফিল্ডার লিয়ান্দ্রো বারেইরো বলেন, বিষয়টি ছিল ম্যাচের স্বাভাবিক উত্তেজনার অংশ, বর্ণবাদী কিছু নয়।

এদিকে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন কনফেডারাসাও ব্রাজিলেইরা দে ফুটবল (সিবিএফ) এক বিবৃতিতে ভিনিসিয়ুসের প্রতি সংহতি জানিয়ে বলেছে, ‘বর্ণবাদ একটি অপরাধ। ফুটবল বা সমাজ—কোথাও এর স্থান নেই। ভিনি, তুমি একা নও।’

ম্যাচ–পরবর্তী সাক্ষাৎকারে মরিনিও বলেন, ভিনিসিয়ুস যেখানে খেলতে যান, প্রায় প্রতিটি স্টেডিয়ামেই কোনো না কোনো ঘটনা ঘটে। তবে তিনি নিরপেক্ষ থাকার কথা জানান। একই সঙ্গে বেনফিকার ইতিহাসের কিংবদন্তি কৃষ্ণাঙ্গ ফুটবলার ইউসেবিওর কথা উল্লেখ করে বলেন, ক্লাবটিকে বর্ণবাদী বলা ঠিক হবে না।

গোলের পর কর্নার ফ্ল্যাগের পাশে নেচে উদ্‌যাপন করায় ভিনিসিয়ুসকে হলুদ কার্ড দেখানো হয়। এ বিষয়ে তিনি প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন, প্রটোকল সঠিকভাবে প্রয়োগ হয়নি।

প্লে–অফের দ্বিতীয় লেগ আগামী ২৫ ফেব্রুয়ারি মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।



    শেয়ার করুন: