আগামীর সময়

‘অদম্য বাংলাদেশ’ ফাইনাল নিয়ে বিসিবির বড় আয়োজন

‘অদম্য বাংলাদেশ’ ফাইনাল নিয়ে বিসিবির বড় আয়োজন

সংগৃহীত ছবি

নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। কুড়ি ওভারের বিশ্বকাপ চলছে, সেখানে খেলতে না পারার হতাশায় অসল সময় কাটাবেন ক্রিকেটাররা- বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটি চায়নি। তাই বিশ্বকাপ চলাকালীনই আয়োজন করে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ নামের তিন দলের টুর্নামেন্ট।


প্রতিদ্বন্দ্বিতার ঝাঁঝ তুলে প্রতিযোগিতাটি ফাইনাল মঞ্চে দাঁড়িয়ে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে লিটন দাসের ধুমকেতু একাদশ ও নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জমে ওঠা ফাইনাল দেখতে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা। নির্বাচনের আগে কর্মময় ব্যস্ত দিনেও মাঠভর্তি দর্শক আশা করছে বিসিবি। আর এজন্য তাদের রয়েছে নানা আয়োজন। যেমন জয় উদযাপনের মুহূর্ত রাঙানো হবে আকর্ষণীয় আতশবাজিতে।

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ক্রিকেট-স্বাদ নেওয়ার বিষয়টিও পরিকল্পনায় রেখেছে বিসিবি। সেকারণে ফাইনাল ম্যাচটি বিটিভিতে সরাসরি সম্প্রচার করার ঘোষণা দিয়েছে তারা। এছাড়া টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলেও উপভোগ করা যাবে ফাইনাল।

দারুণ প্রশংশা পাওয়া বিসিবির এই ব্যতিক্রমী টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে বাংলাদেশের কসমেটিকস, স্কিনকেয়ার ও হোম কেয়ার পণ্যের সর্ববৃহৎ প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড।

    শেয়ার করুন: