আগামীর সময়

হামজার হাঁটুর চোট কতটা গুরুতর, বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তো

হামজার হাঁটুর চোট কতটা গুরুতর, বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তো

সংগৃহীত ছবি

ইংলিশ চ্যাম্পিয়নশিপে গত শনিবার চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে চোট পান লেস্টার সিটির বাংলাদেশি তারকা হামজা চৌধুরী। চোট পাওয়ার পর ব্যথায় কাতর হয়ে পড়েন তিনি।

মাঠেই কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচের ২৯ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন হামজা। এ ঘটনায় বাংলাদেশের ফুটবলভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।


চোটের মাত্রা কতটা গুরুতর, মাঠে ফিরতে কত দিন লাগতে পারে এবং পরের ম্যাচে বাংলাদেশ দল তাকে পাবে কি না—এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে।


স্ক্যান রিপোর্ট পাওয়ার পর লেস্টার সিটি জানিয়েছে, হামজার চোট বেশ গুরুতর। তার ডান হাঁটুর লিগামেন্টে ক্ষতি হয়েছে, যা এমসিএল ইনজুরি হিসেবে শনাক্ত হয়েছে। পুরোপুরি সেরে উঠতে তার ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগতে পারে।


তবে স্বস্তির খবর হলো, এ চোটের জন্য হামজার অস্ত্রোপচারের প্রয়োজন পড়বে না।


বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ৩১ মার্চ। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে ওই দিন সিঙ্গাপুরে যাবে হাভিয়ের কাবরেরার দল। এর আগে ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার বিষয়েও আলোচনা চলছে।


সবকিছু ঠিকঠাক থাকলে এবং পুনর্বাসন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে হামজা মার্চের তৃতীয় বা শেষ সপ্তাহে মাঠে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে। সে ক্ষেত্রে মার্চ মাসেই বাংলাদেশের জার্সিতে তাকে দেখা যেতে পারে।

    শেয়ার করুন: