ডোপ টেস্টে ফাঁকি
যশস্বী জয়সওয়ালকে কারণ দর্শানোর নোটিশ

বিপাকে পড়েছেন ভারতের তরুণ তারকা ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল।
ডোপ টেস্টের জন্য নির্ধারিত সময়ে উপস্থিত না থাকায় বিপাকে পড়েছেন ভারতের তরুণ ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল ও নারী ক্রিকেটার শেফালি ভার্মা। ভারতের জাতীয় অ্যান্টি-ডোপিং এজেন্সি (নাডা) ইতোমধ্যেই এই দুই ক্রিকেটারকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি ও সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নাডার রেজিস্টার্ড টেস্টিং পুলের অন্তর্ভুক্ত হওয়ায় এই দুই ক্রিকেটারকে প্রতিদিনের অবস্থানের তথ্য আগেভাগেই জানানোর নিয়ম ছিল। কিন্তু ডোপ নিয়ন্ত্রণ কর্মকর্তারা নমুনা সংগ্রহ করতে গিয়ে নির্দিষ্ট স্থানে তাদের খুঁজে পাননি। নাডার তথ্য অনুযায়ী, নারী দলের মারকুটে ব্যাটার শেফালি ভার্মা গত বছরের ৭ নভেম্বর পরীক্ষার সময় উপস্থিত ছিলেন না। অন্যদিকে, পুরুষ দলের ওপেনার যশস্বী জয়সওয়াল গত ১৭ ডিসেম্বর তার দেওয়া নির্ধারিত অবস্থানে অনুপস্থিত ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে এ বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হলেও কোনো জবাব পাওয়া যায়নি। ফলে নিয়ম অনুযায়ী নাডা এটিকে 'মিসড টেস্ট' বা পরীক্ষা এড়ানোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
অ্যান্টি-ডোপিং প্রোটোকল অনুযায়ী, আরটিপিতে থাকা অ্যাথলেটদের প্রতিদিন অন্তত এক ঘণ্টার একটি নির্দিষ্ট সময় ও স্থান উল্লেখ করতে হয়, যেখানে তারা ডোপ পরীক্ষা দিতে পারবেন। এক বছরের মধ্যে টানা তিনবার এভাবে ডোপ টেস্ট মিস করলে বা অবস্থানের সঠিক তথ্য না দিলে তা নিয়মভঙ্গ হিসেবে গণ্য হয়। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হতে পারে! ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও আইসিসিকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। যশস্বী ও শেফালির জন্য এটিই প্রথম সতর্কবার্তা বা 'ফার্স্ট স্ট্রাইক'। আগামী সাত দিনের মধ্যে তাদের সন্তোষজনক ব্যাখ্যা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এর আগে ২০১৯ সালে পৃথ্বী শ নিষিদ্ধ ড্রাগ নেওয়ার অভিযোগে আট মাসের নিষেধাজ্ঞা কাটিয়েছিলেন। তবে এবারের বিষয়টি মূলত সরাসরি ড্রাগ নেওয়া নয়, বরং ডোপিং বিরোধী প্রক্রিয়ায় অবহেলার অভিযোগ।





