আগামীর সময়

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তে এনএসসির কমিটি

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তে এনএসসির কমিটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত নির্বাচন নিয়ে ছিল হাজারো অভিযোগ। সেসব অভিযোগের ভিত্তিতে আজ তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।


নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, বিসিবি নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগসমূহ নিরপেক্ষভাবে পর্যালোচনা ও তদন্ত করে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে গঠন করা হয়েছে এই কমিটি।


পাঁচ সদস্যের কমিটির প্রধান করা হয়েছে সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে। কমিটির অন্য সদস্যরা হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: সেলিম ফারুক, যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি অ্যাডমিন ও দক্ষিণ) ডিএমপি মোহাম্মদ নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার সালেহ আকরাম।


এই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এনএসসি। ঢাকার ক্লাব ও জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলরদের আলাদা অভিযোগের পর এই কমিটি করল জাতীয় ক্রীড়া পরিষদ। প্রয়োজনে যে কোনো বিশেষজ্ঞ ব্যক্তিকে কমিটিতে সংযুক্ত করতে পারবেন তারা।


গত বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবির নির্বাচন নিয়ে ওঠা অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখবে স্বাধীন এই কমিটি। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় দলিল সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বক্তব্য গ্রহণ করে মনোনয়নপ্রক্রিয়া বিসিবির গঠনতন্ত্র ও প্রচলিত আইন অনুযায়ী হয়েছে কি না, তা পরীক্ষা করে দেখবে।


    শেয়ার করুন: