নেতৃত্ব হারাচ্ছেন বিশ্বকাপজয়ী সূর্যকুমার, নতুন ক্যাপ্টেন শ্রেয়াস?

সংগৃহীত ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্মৃতি এখনো টাটকা, এর মাঝেই ভারতীয় ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের নেতৃত্বে বড়সড় রদবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদবকে সরিয়ে শ্রেয়াস আইয়ারকে ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক করার কথা গুরুত্বসহকারে ভাবছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
বোর্ড সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ‘এনডিটিভি’ জানিয়েছে, অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি আগামী আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের আগেই এই সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারে। রোহিত শর্মার অবসরের পর ভারতের টি-টোয়েন্টি দলের দায়িত্ব নিয়ে একটি সিরিজও হারেননি সূর্যকুমার। তবে অধিনায়ক হিসেবে সফল হলেও ব্যাটার সূর্যকুমারের সাম্প্রতিক অফ-ফর্ম নির্বাচকদের দুশ্চিন্তায় ফেলেছে।
চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ১০ ম্যাচে সূর্যকুমারের সংগ্রহ মাত্র ১৯৫ রান। এছাড়া দীর্ঘদিন ধরে কবজির চোটে ভুগছেন তিনি, যা তার স্বাভাবিক ব্যাটিংয়ে দীর্ঘস্থায়ী সমস্যার সৃষ্টি করছে। বিসিসিআইয়ের একটি সূত্রের মতে, নির্বাচক কমিটি তার ব্যাটিং পারফরম্যান্স নিয়ে ‘ধৈর্য হারিয়ে ফেলেছে’। এমনকি ব্যাটার হিসেবেও মূল দলে তার থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, ভারতে এখন তরুণ ব্যাটারের অভাব নেই।
বিসিসিআইয়ের নজরে এখন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। চলতি আইপিএলে তিনি পাঞ্জাবকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছেন। তার অধীনে প্রথম সাত ম্যাচের ছয়টিতেই জয় পেয়েছে পাঞ্জাব। ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল শ্রেয়াস। ৯ ইনিংসে তিনি করেছেন ৩৩৩ রান। বড় কোনো পরিবর্তন না হলে শ্রেয়াসই হতে যাচ্ছেন ভারতের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক।
তবে একটি চমকপ্রদ তথ্য হলো, শ্রেয়াস গত দুই বছর ধরে ভারতের হয়ে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি। ২০২৩ সালের ডিসেম্বরে তিনি শেষবার জাতীয় দলের জার্সিতে এই ফরম্যাটে মাঠে নেমেছিলেন। বিসিসিআই কেবল নেতৃত্ব নয়, পুরো টি-টোয়েন্টি স্কোয়াডেই বড় পরিবর্তনের পরিকল্পনা করছে। আইপিএলে নজর কাড়া তরুণ প্রতিভাদের ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের জন্য বিবেচনা করা হচ্ছে। আইপিএল শেষ হওয়ার পরপরই বিসিসিআই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।



