তাসকিনের আউটে বাংলাদেশের ইনিংস থামল

ছবি: আগামীর সময়
বলের লাইনে গিয়ে খেলার কোনো ধার ধারছিলেন না, শুধু ব্যাট ঘুরিয়ে যাচ্ছিলেন তাসকিন আহমেদ। তাতেই পাকিস্তানের বোলারদের হতাশা বাড়ছিল উচ্চ গতিতে। তাসকিনের ব্যাটে লেগে বল যাচ্ছে বাউন্ডারিতে, আবার মাঝব্যাটেও ছক্কা মেরে দিচ্ছেন লংঅনের ওপর দিয়ে।
‘থোড়াই কেয়ার’ ব্যাটিংয়ে দুর্দান্ত এক ক্যামিও খেলে ফেললেন তাসকিন। তাতে বাংলাদেশের রান চারশ ছাড়াল। অবশ্য এই তেড়েফুঁড়ে ব্যাটিংটা খুব বেশিদূর নিতে পারেননি বাংলাদেশ পেসার। তার আউটেই প্রথম ইনিংসে ৪১৩ রানে থামল বাংলাদেশ।
তাসকিন ১৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৮ রানে শাহিন আফ্রিদির বলে স্লিপে ক্যাচ আউট হন। অফস্টাম্পের অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে দিয়েছিলেন তাসকিন। বল প্রথম ও দ্বিতীয় স্লিপের মাঝ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় বাঁ দিকে ঝঁপিয়ে রকেট গতির বল তালুবন্দি করেছেন সৌদ শাকিল। নাহিদ রানা অপরপ্রান্তে অপরাজিত থাকেন ২৩ বলে ৪ রান করে। তাসকিনের সঙ্গে তার জুটি ছিল ২৯ রানের।



