আগামীর সময়

লা লিগা

বার্সেলোনার যে শক্তি ভাবাচ্ছে সিমিওনেকে

বার্সেলোনার যে শক্তি ভাবাচ্ছে সিমিওনেকে

সংগৃহীত ছবি

১০ দিনের ব্যবধানে তিনবার বার্সেলোনার বিপক্ষে ডাগআউটে দাঁড়াতে হবে তাকে। আতলেতিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনের মাথায় তাই এখন চিন্তা, কীভাবে বার্সাকে আটকানো যায়! লা লিগার হাই ভোল্টেজ ম্যাচের আগে সিমিওনে বলছেন, কোন একজন নয়, দলীয়ভাবে শক্তিশালী কাতালানরাই আতলেতিকোর মূল দুশ্চিন্তার কারণ। 

ইনজুরিতে ৫ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা রাফিনহা। রাফিনহা না থাকলেও লামিন ইয়ামাল, রবার্ট লেভানদোভস্কি, ফেরমিন লোপেজ, পেদ্রিরা আছেন দারুণ ফর্মে।

কাকে ছেড়ে কাকে রেখে পরিকল্পনা সাজাবেন সিমিওনে? সিমিওনে অবশ্য নির্দিষ্ট কোন বার্সা ফুটবলারকে নিয়ে ভাবতে রাজি নন, ‘তাদের দলের সবাই আমাদের জন্য হুমকির কারণ, তারা সবাই দুর্দান্ত ফুটবলার। সবাই প্রতিপক্ষকে তাদের হাফে হিমশিম খাইয়ে দেয়। এটা তারা প্রতি ম্যাচেই করে। হাইলাইন ডিফেন্সে তারা অনেক আক্রমণাত্মক ফুটবল খেলে। আমরা তাই কাউকে নিয়ে আলাভাভাবে ভাবতে রাজি নই। আমরা ম্যাচটা এমন পর্যায়ে নিতে চাই যেন আমরা জয় নিয়ে মাঠ ছাড়তে পারি।

এ তো গেল প্রতিপক্ষের কথা। নিজেদের দল কীভাবে গুছিয়ে এনেছেন সিমিওনে? ইনজুরি কাটিয়ে বেশ কয়েকজন ফুটবলার স্কোয়াডে ফেরায় বেশ ফুরফুরে মেজাজে আছেন সিমিওনে, ‘স্কোয়াডের সবাই ভালো ফর্মে আছে। অবলাক দলে ফিরেছে, রদ্রি মেন্দোজাও সোমবারের মধ্যে ফিরবে। পাবলো ব্যারিওস, মার্ক পিউবিলও ফেরার পথে। তারা সবাই আমাদের ভাল কিছু করার ব্যাপারে সাহায্য করবে।’

লা লিগায় ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭৩। শিরোপার আশা কার্যত শেষ হয়ে গেছে সিমিওনের দলের। সিমিওনে তবুও শেষ পর্যন্ত আশা বাঁচিয়ে রেকে লড়াই চালিয়ে যেতে চান, ‘আমরা চাই সবচেয়ে ভালো অবস্থানে থেকে লিগ শেষ করতে। ঈশ্বর চাইলে ভালো কিছু হবে। আমরা নিজেদের সেরাটা দিয়েই লড়াই চালিয়ে যাব।’

বাংলাদেশ সময় আজ রাত ১টায় ওয়ান্দা মেট্রোপলিতানো স্টেডিয়ামে বার্সেলোনাকে আতিথিয়তা দেবে আতলেতিকো মাদ্রিদ।


    শেয়ার করুন: