আগামীর সময়

এক দিনের অনুশীলনেই ভিয়েতনামের সঙ্গে খেলবেন হামজা

এক দিনের অনুশীলনেই ভিয়েতনামের সঙ্গে খেলবেন হামজা

হামজাকে এখনও ছাড়েনি তার ক্লাব লেস্টার। ছবি: সংগৃহীত

ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন হ্যানয়ে। দলের সঙ্গে অবশ্য হামজা চৌধুরী যাননি। হামজার ২২ মার্চ ইংল্যান্ড থেকে ভিয়েতনাম পৌঁছানোর কথা বলেছিলেন শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।

এমনকি দেশ ছাড়ার আগে অধিনায়ক জামাল ভূঁইয়াও বলেছিলেন দু’দিন পর হামজার যোগ দেওয়ার কথা। তবে হামজার ক্লাব লেস্টার সিটি এখনই তাকে ছাড়ছে না। তাই আজ বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ায় হয়নি হামজার। লেস্টার হামজাকে ছfড়বে আন্তর্জাতিক বিরতিতে ২৩ থেকে ৩১ মার্চ পর্যন্ত।

নতুন সূচীতে ২৩ মার্চ ইংল্যান্ড থেকে রওনা দেবেন হামজা। ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে ২৪ মার্চ বিকেলে তার ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছানোর কথা। ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে তেমন অনুশীলনের সুযোগ পাচ্ছেন না তিনি। দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পাচ্ছেন কেবল একদিনই।

ভিয়েতনামে খেলেই সিঙ্গাপুর যাবে বাংলাদেশ দল। ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে ৭ ম্যাচে ৪ গোল আর ১টি অ্যাসিস্ট করেছেন হামজা। দলের অপরিহার্য অংশ এখন তিনি।

    শেয়ার করুন: