আর্জেন্টিনা-গুয়াতেমালা ম্যাচও বাতিল, মেসিদের নতুন প্রতিপক্ষ কারা

মেসিদের নতুন প্রতিপক্ষ মৌরিতানিয়া ও জাম্বিয়া। ছবি: সংগৃহীত
২৭ মার্চ ফিনালিসিমা ম্যাচে স্পেনের মুখোমুখি হওয়ার কথা ছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ম্যাচটি বাতিল করে উয়েফা। এরপর আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন বুয়েনস এইরেসে ৩১ মার্চ প্রীতি ম্যাচ আয়োজন করে গুয়াতেমালার বিপক্ষে। এবার বাতিল হয়ে গেল সেই ম্যাচও।
ইতালিতে ২৭ মার্চ আলজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে গুয়াতেমালা। এর তিন দিন পর তাদের খেলার কথা ছিল লিওনেল মেসিদের সঙ্গে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, একই ফিফা আন্তর্জাতিক বিরতিতে দুটি আলাদা মহাদেশে খেলার নিয়ম নেই। আর্জেন্টিনা–গুয়াতেমালা ম্যাচটি তাই ফিফার অনুমোদন পায়নি। ম্যাচটি বাতিল করা হয়েছে এজন্য।
তাই বলে লিওনেল মেসিরা বসেও থাকছেন না। মার্চ মাসেই প্রীতি ম্যাচে মৌরিতানিয়া ও জাম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নিশ্চিত করেছে এই খবর। ফিফা র্যাঙ্কিংয়ে মৌরিতানিয়া ১১৫তম, জাম্বিয়া আছে ৯১ নম্বরে।
২৭ মার্চ বুয়েনস এইরেসে বোকা জুনিয়র্সের মাঠ লা বোমবোনেরা স্টেডিয়ামে মৌরিতানিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ৩১ মার্চ একই ভেন্যুতে জাম্বিয়ার বিপক্ষে খেলবে তারা। আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে এ নিয়ে টানা তৃতীয় ম্যাচ খেলছে আর্জেন্টিনা। গত নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে ২–০ গোলে জিতেছিল তারা।
লা বোমবোনেরা স্টেডিয়াম জাতীয় দলের জন্য দেওয়ায় বোকা জুনিয়র্সের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। এই দুটি ম্যাচই হবে দেশের মাটিতে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শেষ প্রস্তুতি ম্যাচ। দেশের মাটিতে লিওনেল মেসির শেষ ম্যাচও হতে পারে এই দুটি।

