দাবি ‘ও গ্লোবো’র
আনচেলত্তির প্রাথমিক বিশ্বকাপ দলে থাকছেন নেইমার-এস্তেভাও

নেইমার-এস্তেভাওয়ের প্রাথমিক দলে থাকার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি হবে তো?
কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হওয়ার পর কোনো স্কোয়াডেই নেইমারকে জায়গা দেননি। জাতীয় দলের ধারেকাছে যাওয়ার সুযোগও পাননি এই সুপারস্টার। তবে বরফ হয়তো গলছে। ব্রাজিলের খ্যাতনামা সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র সাংবাদিক দিয়োগো দান্তাস জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপের জন্য কোচ কার্লো আনচেলত্তির ৫৫ সদস্যের প্রাথমিক দলে নাম থাকছে এই মহাতারকার।
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে সেই ভয়াবহ ইনজুরির পর থেকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি নেইমারকে। দীর্ঘ বিরতি কাটিয়ে বর্তমানে তিনি খেলছেন নিজের শৈশবের ক্লাব সান্তোসে। ২০২৬ সালে এখন পর্যন্ত সান্তোসের হয়ে ১২ ম্যাচে ৫ গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন তিনি। তবে নেইমারের বিশ্বকাপ যাত্রা কি এতই সহজ হবে? পরিস্থিতি বলছে অন্য কথা। ফিটনেস নিয়ে দুশ্চিন্তার কারণে সান্তোসের হয়ে বেশ কিছু ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে নেইমারকে, যা আনচেলত্তির চূড়ান্ত দলে জায়গা পাওয়ার পথে বড় বাধা হতে পারে। কারণ, আনচেলত্তি তাকে শতভাগ ফিট হওয়ার শর্ত দিয়েছেন। সেইসঙ্গে যোগ হয়েছে নতুন বিতর্ক। সম্প্রতি অনুশীলনে রবিনহো জুনিয়রের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে সমালোচকদের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছেন নেইমার।
আগামী সোমবার (১১ মে) ফিফার কাছে ৫৫ জনের এই প্রাথমিক তালিকা জমা দেবেন আনচেলত্তি। তবে ব্রাজিল ভক্তদের আসল উৎকণ্ঠা থাকবে ১৮ মে নিয়ে, যেদিন ঘোষণা করা হবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড। প্রাথমিক তালিকায় নেইমার ছাড়াও জায়গা পেয়েছেন চেলসির তরুণ ফরোয়ার্ড এস্তেভাও। ইনজুরিতে থাকলেও তার ওপর ভরসা রাখছেন আনচেলত্তি। তবে অভিজ্ঞ ডিফেন্ডার এদের মিলিতাও এবং ফরোয়ার্ড রদ্রিগোর জায়গা হয়নি।




