‘সবুজ ভূত’ তাড়িয়ে ৫২ বছর পর বিশ্বকাপে কঙ্গো

১৯৭৪ সালের পর বিশ্বকাপে কঙ্গো। ছবি: সংগৃহীত
ফুটবল দলকে নাকি ভূত তাড়িয়ে বেড়ায়। কঙ্গোর ফুটবলপ্রেমীদের প্রশ্নটা করলে জানতে পারবেন এই ভূত সাদা পোশাকের না, এই ভূত সবুজ-রঙা জামা পরা! ১৯৭৪ সালের বিশ্বকাপে কঙ্গো জাতীয় দলের জার্সির রঙ ছিল সবুজ, বুকে ছিল বিশাল চিতা।
৫২ বছর ধরে এই সবুজ-ভূত তাড়িয়ে বেড়াচ্ছিল কঙ্গোকে। পশ্চিম জার্মানির পর আর ফুটবল মহাযজ্ঞে খেলা হয়নি তাদের। অবশেষে ভূত তাড়িয়ে বিশ্বকাপে ফিরল মধ্য আফ্রিকার দেশটি।
বুধবার (১ এপ্রিল) আন্তমহাদেশীয় প্লে অফ ফাইনালে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়েছে কঙ্গো। মেক্সিকোর আকরন স্টেডিয়ামের এই জয়ে দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপে খেলার টিকিট পেল কঙ্গো।
নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০০তম মিনিটে গোল করে কঙ্গোর বিশ্বকাপ খরা কাটান বার্নলির ডিফেন্ডার এক্সেল টোয়ানজেবি।
ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ থাকলেও টোয়ানজেবি বেছে নেন কঙ্গোকে। ৫২ বছর দেশটিকে বিশ্বকাপে ফেরানোর নায়ক হয়েই থাকবেন তিনি।
কঙ্গো নামের অবশ্য এবারই প্রশ্ন বিশ্বকাপে নামবে আফ্রিকার দেশটি। এর আগে ১৯৭৪ সালে যে বিশ্বকাপে তারা খেলেছিল, সেবার খেলেছিল ‘জাইরে’ নামে।
২০২৬ বিশ্বকাপের আয়োজক তিন দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ৪৮ দলের বিশ্বকাপের মহাযুদ্ধ ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাইয়ের ফাইনাল দিয়ে শেষ হবে। এই মধ্যে বিশ্বকাপের ৪৮ দল নিশ্চিত হয়েছে।

