আগামীর সময়

হামজার ঈদ লাগছে মনে

হামজার ঈদ লাগছে মনে

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হামজা। ছবি: হামজার ফেসবুক থেকে

বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে শনিবার। তবে মধ্যপ্রাচ্য, ইউরোপসহ অনেক দেশেই ঈদ আজ। বাংলাদেশ ফুটবলের নবজাগরণের দূত হামজা চৌধুরী অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন হামজা। ভিডিও বার্তায় ইংরেজি ও সিলেটি বাংলা মিলিয়ে তিনি বলেন, ’আসসালামু আলাইকুম সবাইকে। সারা বিশ্বের মুসলমানদের কাছে আজকের দিনটা খুব বিশেষ। আজ ঈদ। সবার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা। অবশ্যই কাছের মানুষদের সঙ্গে সময় কাটাবেন। ঈদ লাগছে মনে। ঈদ মোবারক।’

ঈদের ছুটি শেষে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৩১ মার্চ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। এজন্য অনুশীলন ক্যাম্পও চলছে দেশে। অনুশীলন শেষে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জামাল ভূঁইয়া।

প্রবাসী-দেশি ফুটবলারদের নিয়ে জামাল বললেন,‘ সবার সঙ্গে ভালো বন্ডিং আছে। অবশ্যই আমরা যারা বিদেশি বলি, আমাদের সবার মধ্যে একই গল্প, একই রকম ঠাট্টা চলে। মানে যেটা আমি বললাম, সবাই তো এক দল। তাই বিদেশি বা বাংলাদেশির মধ্যে কোনো পার্থক্য নেই।’

দলের প্রস্তুতি নিয়ে জামাল বললেন, ‘আমরা শুরু করছি চার মাস পর। হামজা জয়েন করবে দুই দিন পর। তারপরে পূর্ণ সদস্যের দল থাকবে। আর আসলে আমরা সিঙ্গাপুরের সঙ্গে কীভাবে খেলব, সেই প্রস্তুতি নিচ্ছি। আমাদের একটা লম্বা সেশন হবে।’

    শেয়ার করুন: