আগামীর সময়

ট্রাম্পের সংবর্ধনার পর ৯০০ গোলের অপেক্ষায় মেসি

ট্রাম্পের সংবর্ধনার পর ৯০০ গোলের অপেক্ষায় মেসি

ট্রাম্পের হাতে নিজের স্বাক্ষরিত বল তুলে দিচ্ছেন মেসি। ছবি: সংগৃহীত

বয়স ৩৮ বছর পেরিয়েছে। লিওনেল মেসির পায়ে ধার কমেনি তবু। এখনো আর্জেন্টিনা আর ইন্টার মায়ামির মেরুদণ্ড  তিনি। আগের ম্যাচে জোড়া গোল আর এক অ্যাসিস্টে জিতিয়েছেন মায়ামিকে। ফ্রিকিকে এক গোল করে পাশে বসেছেন পেলের।


আজ রাতে আরেকটি মাইলফলকের হাতছানি মেসির সামনে। পেশাদার ক্যারিয়ারে তাঁর গোল ৮৯৮টি। আজ বাংলাদেশ সময় রাত ৩-৩০ মিনিটে ডিসি ইউনাইটেডের মুখোমুখি হবে মায়ামি। জোড়া গোল করলেই ফুটবল ইতিহাসে দ্রুততম খেলোয়াড় হিসেবে পা রাখবেন ৯০০’র মাইলফলকে।


মায়ামি কোচ ও আর্জেন্টিনার সাবেক অধিনায়ক হাভিয়ের মাসচেরানো মুখিয়ে আছেন এমন কীর্তির জন্য,‘আমরা যে সংখ্যাটির কথা বলছি (৯০০ গোল), সেটা পাগলাটে। আর এজন্যই লিও অনন্য।’
মাসচেরানো আরও যোগ করলেন,‘আমি ওর গোলে খুব বেশি অবদান রাখতে পারিনি, না অ্যাসিস্ট দিয়ে, না এখন কোচ হিসেবে। আমি ভাগ্যবান যে তার বেশিরভাগ, অথবা অনেক গোল অন্য সবার চেয়ে অনেক কাছাকাছি দেখেছি। এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার।’


এদিকে বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করেছেন মেসি। এমএলএস কাপ জেতার জন্য ইন্টার মায়ামি দলকে সংবর্ধনা দেওয়া হয় হোয়াইট হাউসের পক্ষ থেকে।


সেই অনুষ্ঠানে ট্রাম্প বলেছিলেন,‘তুমি মনে হয় পেলের চেয়েও ভালো।” এরপর ট্রাম্প প্রশ্ন ছুঁড়ে দেন,‘কে বেশি ভালো?’ প্রায় সবাই চিৎকার করে নেন মেসির নাম । মৃদু হেসে ট্রাম্প বলেন,‘আমারও তাই মনে হয়।’


কিছু দিন আগে সৌদি আরব সরকারের প্রতিনিধিদের সঙ্গে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। মেসির সামনেই ট্রাম্প প্রশংসা করলেন রোনালদোর,‘রোনালদো নামের একজন ভদ্রলোকও আছে। ক্রিস্তিয়ানো দারুণ মানুষ। তুমিও দারুণ মানুষ।’

    শেয়ার করুন: