পেলের পাশে মেসি, সামনে শুধু জুনিনহো

ফ্রি-কিকে ৭০তম গোল করেছেন মেসি। ছবি: এক্স
জাদুই দেখালেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) মৌসুমের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার সকালে অরল্যান্ডো সিটির বিপক্ষে ২ গোলে পিছিয়ে পড়েছিল ইন্টার মায়ামি। মেসি জাদুতে সেই ম্যাচ মায়ামি জিতেছে ৪-২ গোলে। দুই গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি।
দারুণ প্রত্যাবর্তনের এই জয়ে ৯০তম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেছিলেন মেসি। ফ্রি-কিক থেকে এটা তাঁর ক্যারিয়ারের ৭০তম গোল।
খেলোয়াড় গোল দেশ
জুনিনহো ৭৭ ব্রাজিল
পেলে ৭০ ব্রাজিল
লিওনেল মেসি ৭০ আর্জেন্টিনা
রোনালদিনহো ৬৬ ব্রাজিল
ভিক্তর লেগ্রোতাগলাই ৬৬ আর্জেন্টিনা
ফ্রি-কিকে সর্বোচ্চ গোল
ফ্রি-কিক গোলে যা সর্বকালের যৌথ দ্বিতীয় সেরা। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের গোলও ৭০টি। লিওনেল মেসির সামনে কেবল জুনিনহো। ব্রাজিলিয়ান সাবেক এই তারকার ফ্রি-কিক গোল ৭৭টি।
মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোর ফ্রি-কিক থেকে গোল ৬৪টি। সবশেষ ২০২৪ সালের আগস্টে আল নাসরের হয়ে আল ফেইয়ার বিপক্ষে ফ্রি-কিক থেকে গোল করেছিলেন তিনি।
লিওনেল মেসির ক্যারিয়ার গোল এখন ৮৯৮টি। দ্রুততম ৯০০’র মাইলফলকে পা রাখতে আর ২ গোল চাই তাঁর।

