আফগানিস্তানে ভূমিকম্পে একই পরিবারের ৮ সদস্যের মৃত্যু

সংগৃহীত ছবি
আফগানিস্তানে শুক্রবার ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কাবুল প্রদেশের গোসফান্দ দারা এলাকায় বাড়িধসে একই পরিবারের আট সদস্যের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান শনিবার জানান, ওই পরিবারে কেবল প্রায় দুই বছর বয়সী এক শিশু জীবিত রয়েছে। আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, শিশুটি আহত হয়েছে।
ভূমিকম্পটি শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ৪২ মিনিটে ভূপৃষ্ঠের ১৮৬ কিলোমিটার গভীরে আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, এর কেন্দ্রস্থল ছিল উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশে, যা রাজধানী কাবুল কেন্দ্রস্থল থেকে প্রায় ২৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। প্রদেশটি দুর্গম হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষের তথ্য কাবুলে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগে।
প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন, কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন স্থানে এবং ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভূমিকম্পের তীব্র কম্পন অনুভূত হয়েছে।
পাকিস্তানেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

