ইরান যুদ্ধ নিয়ে যৌথ বিবৃতি চীন-পাকিস্তানের

সংগৃহীত ছবি
বেইজিংয়ে উচ্চপর্যায়ের বৈঠকের পর চীন ও পাকিস্তান মঙ্গলবার ইরানে চলমান যুদ্ধের অবসানে ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতি’ এবং শান্তি আলোচনার আহ্বান জানিয়েছে।
তারা সব পক্ষকে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে বাণিজ্যিক ও বেসামরিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার আহ্বান জানায় এবং এই গুরুত্বপূর্ণ জলপথে আটকে থাকা জাহাজ ও নাবিকদের ‘নিরাপত্তা রক্ষা’ করার ওপর জোর দেয়।
যৌথ বিবৃতিতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘চীন ও পাকিস্তান তাৎক্ষণিকভাবে শত্রুতামূলক কার্যক্রম বন্ধ এবং সংঘাত বিস্তার রোধে সর্বোচ্চ প্রচেষ্টার আহ্বান জানাচ্ছে।’
তারা আরও উল্লেখ করে, ‘ইরান ও উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা উচিত।’
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর বৈঠকের পর এই বিবৃতি দেওয়া হয়, যেখানে তারা মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া সংঘাত নিয়ে আলোচনা করেন।
ইরান যুদ্ধে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্র—উভয়ের সঙ্গে সুসম্পর্ক কাজে লাগিয়ে ইসলামাবাদ তেহরানের কাছে ওয়াশিংটনের ১৫ দফা পরিকল্পনা পৌঁছে দিয়েছে এবং গত সপ্তাহান্তে সৌদি আরব, মিসর ও তুরস্কের সঙ্গে চারপক্ষীয় বৈঠকের আয়োজন করে সংঘাত নিয়ে আলোচনা করেছে।
সর্বশেষ এই কূটনৈতিক উদ্যোগে ইসলামাবাদ ও বেইজিং সব পক্ষকে বেসামরিক জনগণের ওপর হামলা এবং ‘জ্বালানি, লবণাক্ততা দূরীকরণ, বিদ্যুৎ স্থাপনা ও শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে’ আক্রমণ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানায়।
তারা ‘স্থায়ী’ শান্তির জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক আইনের অগ্রাধিকার বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করে।

