আগামীর সময়

ইরানকে গোপনে বিধ্বংসী ড্রোন দিচ্ছে রাশিয়া!

ইরানকে গোপনে বিধ্বংসী ড্রোন দিচ্ছে রাশিয়া!

সংগৃহীত ছবি

ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত ‘শাহেদ’ ড্রোনের আরও উন্নত ও আধুনিক সংস্করণ রাশিয়া ইরানে পাঠাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা। একই দিনে ওমান উপকূলে একটি মার্কিন সামরিক জাহাজে হামলার দায় স্বীকার করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে জানানো হয়েছে, ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত ইরানি শাহেদ ড্রোনগুলোকে মস্কো এখন আরও আধুনিক করে তুলেছে। উন্নত এই ড্রোনগুলোতে জেট ইঞ্জিন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নেভিগেশন, উন্নত জ্যামার-প্রতিরোধী প্রযুক্তি, স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট ডিভাইস যুক্ত করা হয়েছে।

আজারবাইজান হয়ে মানবিক সহায়তার আড়ালে ট্রাকে করে এসব ড্রোন তেহরানে পাঠানো হচ্ছে। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস জানান, ইরান যা-ই পাক না কেন, তা মার্কিন অভিযানের সাফল্যে কোনো প্রভাব ফেলবে না।

শনিবার (২৮ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ওমান উপকূলের কাছে একটি মার্কিন সামরিক সহায়তাকারী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসির খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের এক মুখপাত্র জানান, ওমানের পোর্ট অব সালালাহ বন্দর থেকে ‘যথেষ্ট দূরত্বে’ অবস্থান করা একটি মার্কিন জাহাজকে টার্গেট করা হয়েছে।

আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান ওমানের জাতীয় সার্বভৌমত্বকে সম্মান করে এবং ওমান থেকে নিরাপদ দূরত্বেই এই হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গত এক মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে ড্রোন হামলা জোরদার করেছে ইরান।

    শেয়ার করুন: