আগামীর সময়

বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে আটক ১৮

বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে আটক ১৮

প্রতীকী ছবি

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে কর্ণাটক রাজ্য পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহজনক গতিবিধির অভিযোগে তাদের আটক করা হয়। আটকদের কাছ থেকে কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি বলেও দাবি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেসে করে তাদের পশ্চিমবঙ্গে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের কোথায় নেওয়া হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, আটক ১৮ জনের মধ্যে শিশু ছাড়া বাকিরা বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন এবং দীর্ঘদিন সেখানে অবস্থান করছিলেন। তবে সম্প্রতি তাদের চলাফেরা নিয়ে সন্দেহ তৈরি হলে পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে নাগরিকত্ব-সংক্রান্ত বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা তা প্রদর্শনে ব্যর্থ হন।

হাওড়া স্টেশনে পৌঁছানোর পর তাদের পরবর্তী গন্তব্য সম্পর্কে স্পষ্ট কিছু জানানো হয়নি। এ বিষয়ে পুলিশ কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

    শেয়ার করুন: