আগামীর সময়

মোজতবা খামেনির অবস্থান নিয়ে মুখ খুলল রাশিয়া

মোজতবা খামেনির অবস্থান নিয়ে মুখ খুলল রাশিয়া

সংগৃহীত ছবি

রাশিয়া অবশেষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির অবস্থান সম্পর্কে মন্তব্য করেছে। তারা জানিয়েছে, তিনি ইরানেই আছেন।

ইরানি নেতাকে মস্কোয় সরিয়ে নেওয়া হয়েছে—এমন গুঞ্জনের মধ্যে তার অবস্থান সম্পর্কে জানতে চাইলে ইরানে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সেই দেদভ জানান, ‘ইরানের নেতৃত্ব বারবার যেমনটি জানিয়েছে, নতুন নেতা ইরানেই আছেন। তবে যৌক্তিক কারণেই তিনি জনসমক্ষে উপস্থিত হওয়া থেকে বিরত থাকছেন।’

এর আগে ক্রেমলিন খামেনির অবস্থান নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিল।

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ পাওয়ার তিন সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেলেও খামেনিকে এখনো জনসমক্ষে দেখা যায়নি বা তার কোনো বক্তব্য শোনা যায়নি।

চলতি মাসের শুরুতে পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্র সিএনএনকে জানিয়েছিল, যে হামলায় তার বাবা এবং ইরানের শীর্ষ সামরিক কমান্ডাররা নিহত হন, সেই হামলায় খামেনি আহত হয়েছিলেন।

সূত্রটি জানায়, তার পায়ের হাড় ভেঙে গিয়েছিল, বাম চোখে আঘাত লেগেছিল এবং মুখে সামান্য কেটে যাওয়ার ক্ষত ছিল।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আগে বলেছিলেন, খামেনি ‘সম্ভবত গুরুতরভাবে বিকলাঙ্গ হয়ে গেছেন’, তবে এ বিষয়ে তিনি কোনো প্রমাণ দেননি।


    শেয়ার করুন: