‘আইনগতভাবে পরীক্ষিত’ উপায়ে বৈশ্বিক শুল্ক ১৫ শতাংশে উন্নীত ট্রাম্পের

সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যের ওপর বৈশ্বিক শুল্ক ১৫ শতাংশে উন্নীত করেছেন। সুপ্রিম কোর্ট তার শুল্কনীতির বড় অংশ অবৈধ ঘোষণা করার একদিন পর তিনি আগ্রাসী শুল্কনীতি বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন, আদালতের শুক্রবারের ‘অত্যন্ত আমেরিকাবিরোধী সিদ্ধান্ত’ গভীরভাবে পর্যালোচনা করার পর প্রশাসন আমদানি শুল্ক ‘সম্পূর্ণ অনুমোদিত এবং আইনগতভাবে পরীক্ষিত ১৫ শতাংশে’ উন্নীত করছে।
সুপ্রিম কোর্টের রায়ের পরপরই ট্রাম্প প্রাথমিকভাবে ১০ শতাংশ শুল্ক ঘোষণা করেছিলেন।
তিনি আরো জানান, আগামী কয়েক মাসে তার প্রশাসন ‘আইনগতভাবে অনুমোদিত’ শুল্ক আরোপের বিকল্প উপায় খুঁজবে।
শনিবারের এ ঘোষণা এক অস্থির প্রক্রিয়ার সর্বশেষ পদক্ষেপ, যেখানে গত বছরে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিকারী বিভিন্ন দেশের ওপর একাধিকবার শুল্কহার নির্ধারণ, পরিবর্তন বা প্রত্যাহার করা হয়েছে।
এটি আপাতদৃষ্টিতে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা বলেও মনে হচ্ছে। আদালত ওই রায়ে রিপাবলিকান নেতার বিস্তৃত ও প্রায়শই ইচ্ছামতো আরোপিত শুল্কের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে কঠোর ভর্ত্সনা জানিয়েছিল।
আইন অনুযায়ী নতুন শুল্ক সাময়িক—এটি সর্বোচ্চ ১৫০ দিন পর্যন্ত বহাল থাকতে পারবে। হোয়াইট হাউসের তথ্যপত্র অনুযায়ী, ওষুধশিল্পসহ পৃথক তদন্তাধীন খাত এবং যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশকারী পণ্যের ক্ষেত্রে ছাড় বহাল থাকবে।

