ইরান ইস্যুতে ওয়াশিংটনে বৈঠক করবেন ট্রাম্প-নেতানিয়াহু

সংগৃহীত ছবি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী বুধবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে পারেন। সেখানে ইরানের সঙ্গে চলমান আলোচনা নিয়ে কথা হবে বলে শনিবার নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে।
ওমানের রাজধানী মাস্কাটে শুক্রবার ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই জানিয়েছে, শিগগিরই আরো আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আলোচনার বিষয়ে তেহরানের পক্ষ থেকে অবহিত এক আঞ্চলিক কূটনীতিক রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান তার ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার’-এর ওপর জোর দিয়েছে এবং আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার বিষয়টি তোলা হয়নি।
ইরানি কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে আলোচনায় বসার বিষয়টি নাকচ করে দিয়েছেন এবং বলেছেন, তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেতে চায়।
নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী মনে করেন, যেকোনো আলোচনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সীমিত করা এবং ইরানি অক্ষকে দেওয়া সমর্থন বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে।’

