হরমুজ প্রণালীতে জাহাজপ্রতি ২০ লাখ ডলার ফি নিচ্ছে ইরান

সংগৃহীত ছবি
ইরানের একজন আইনপ্রণেতা জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে অতিক্রম করা কিছু জাহাজ থেকে ইরান প্রায় ২০ লাখ ডলার করে ট্রানজিট ফি আদায় করছে।
আজ রোববার ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির সদস্য আলাউদ্দিন বোরুজেরদি এ তথ্য জানান। খবর আনাদোলু এজেন্সির।
বোরুজেরদি বলেছেন, ৪৭ বছর পর ইরান এই প্রণালীর ওপর ‘সার্বভৌমত্বের একটি নতুন ধারণা’ প্রতিষ্ঠা করেছে। এখন নির্দিষ্ট কিছু জাহাজের কাছ থেকে পারাপারের জন্য ২০ লাখ ডলার করে নেওয়া হচ্ছে।
বোরুজেরদি জোর দিয়ে বলেছেন, প্রণালী অতিক্রমকারী কিছু জাহাজ থেকে ২০ লাখ ডলার ট্রানজিট ফি আদায় করা ইরানের শক্তিমত্তার প্রতিফলন।
মার্চের শুরুর দিক থেকে ইরান কার্যত বেশিরভাগ জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এটি একটি গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ, যেখানে সাধারণত প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল পরিবহন করা হয় এবং বৈশ্বিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বাণিজ্যের প্রায় ২০ শতাংশ এ পথ দিয়ে হয়।
হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে জাহাজ পরিবহন ও বীমা খরচ বেড়েছে, তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং বৈশ্বিক অর্থনীতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ হামলা শুরু করার পর থেকে আঞ্চলিক উত্তেজনা ক্রমেই বাড়ছে।
এর জবাবে ইরান ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরান দাবি করছে, এসব হামলা মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো হচ্ছে। এতে হতাহত ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচলেও বিঘ্ন ঘটেছে।

