যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে ৪৫৬৪ জন আহত

দক্ষিণ ইসরায়েলের ডিমোনায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর একজন ইসরায়েলি সৈন্য টর্চ ব্যবহার করে ক্ষয়ক্ষতি পরিদর্শন করছেন। ছবি: সংগৃহীত
ইসরায়েলের ডিমোনা ও আরাদে গতকাল শনিবার রাতে হওয়া হামলায় অন্তত ১৮০ জন আহত হয়েছেন।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।
একইসঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে চার হাজার ৫৬৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
গত রাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ডিমোনা—যেখানে দেশটির প্রধান পারমাণবিক স্থাপনা অবস্থিত—এবং নিকটবর্তী আরাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই হামলাগুলোকে দিনের শুরুতে ইরানের নাতানজ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হওয়া একটি হামলার জবাব হিসেবে আখ্যা দেয়।
হামলার পর রাতেই এসব স্থানে শতাধিক আহত হওয়ার খবর জানানো হয়েছিল।
রোববার সকালে হালনাগাদ তথ্যে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আরাদে অন্তত ১১৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। আর ডিমোনায় অন্তত ৬৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
মন্ত্রণালয় আরও জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৪ হাজার ৫৬৪ জনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদের মধ্যে ১২৪ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং ১৩ জনের অবস্থা গুরুতর।

