ইরানের নতুন নেতাকে হত্যা প্রচেষ্টার বিরুদ্ধে অবস্থান বেইজিংয়ের

সংগৃহীত ছবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ পেয়েছেন প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনি। এ বিষয়টিকে ইরানের নিজস্ব ব্যাপার আখ্যা দিয়ে নতুন নেতাকে হত্যা প্রচেষ্টার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান জানিয়েছে বেইজিং।
সোমবার (৯ মার্চ) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন আজ সোমবার সাংবাদিকদের বলেছেন, ইরান তার সংবিধান মেনেই নতুন নেতাকে বেছে নিয়েছে।
‘কোনো যুক্তিতেই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো গ্রহণযোগ্য নয়’, নতুন নেতার বিরুদ্ধে ইসরায়েলের হুমকির বিষয়ে এক প্রশ্নে জবাবে বলছিলেন মুখপাত্র গুয়ো জিয়াকুন।
এর আগে গত ৪ মার্চ আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরিকে হত্যার হুমকি দেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাৎজ ঘোষণা দেন, ‘ইরানের জনগণকে শোষণ করতে নতুন কোনো নেতা নিয়োগ দিলে তাকে নির্মূল করার উদ্যোগ নেওয়া হবে। তার নাম যাই হোক না কেন এবং তিনি যেখানেই লুকিয়ে থাকুন না কেন, তাকে হত্যা করা হবে।’
এর একদিন আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর আহ্বান জানান এবং দেশটির শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য বাইরের কোনো হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেন।
তিনি বলেছেন, কোনো ‘রঙ বিপ্লব’ ঘটানোর পরিকল্পনা বা সরকার পরিবর্তনের চেষ্টা জনগণের সমর্থন পাবে না।

