যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ১৫ দফা, কমল তেলের দাম

প্রতীকী ছবি
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এ খবরে এশিয়ার বাজারে বুধবার দিনের শুরুতেই জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে।
মার্কিন ও ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানের মাধ্যমে তেহরানের কাছে ১৫ দফার শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে অন্যতম হলো- কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে হবে এবং একে একটি ‘মুক্ত সামুদ্রিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করতে হবে।
প্রস্তাবগুলো মেনে নিলে ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে।
দ্য নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স এবং ইসরায়েলের চ্যানেল ১২ নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। তবে শান্তি প্রস্তাবের কোনো নথি এখনো দেখেনি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম- বিবিসি। তারা এই তথ্যের সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে।
এদিকে যুদ্ধ বন্ধের আলোচনার খবরে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৬ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৫৬ ডলারে নেমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম ৫ দশমিক ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৮৭ দশমিক ২০ ডলারে।
গতকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধের আলোচনা ‘এখনই’ চলছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যুক্ত পক্ষগুলো ‘চুক্তি করতে মরিয়া’ বলেও দাবি করেন তিনি।
হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ‘আমরা জয়ী হয়েছি।’ তবে কবে নাগাদ এ যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হবে- এমন কোনো সুনির্দিষ্ট রূপরেখা দেননি তিনি।
ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় তার প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা যুক্ত রয়েছেন বলে সাংবাদিকদে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তার ভাষ্য, ‘ইরান এখন একটি চুক্তি করতে চায়’
আলোচনার অগ্রগতির কথা উল্লেখ করে তার দাবি, যুক্তরাষ্ট্রকে ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ পুরস্কার’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের পক্ষের আলোচকরা। সেটিরও বিস্তারিত জানাননি তিনি। তবে ইঙ্গিত দিয়েছেন- পুরস্কারটি তেল, গ্যাস এবং হরমুজ প্রণালির সঙ্গে সম্পর্কিত।
তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের কোনো সরাসরি আলোচনা হয়নি বলে দাবি করেছে তেহরান। ইরানের পার্লামেন্টের প্রভাবশালী স্পিকার বাকের কালিবাফ সোমবার এ সংক্রান্ত প্রতিবেদনগুলোকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন।
এর আগে সোমবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে ইরান পাঁচ শর্ত দিয়েছিল। এমন প্রতিবেদন আসে হিব্রু সংবাদমাধ্যমগুলোকে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ আর নতুন করে শুরু হবে না- এমন নিশ্চয়তা চাইছেন ইরানি কর্মকর্তারা। পাশাপাশি হরমুজ প্রণালীর জন্য একটি নতুন ব্যবস্থা চাচ্ছেন তারা। নতুন ব্যবস্থার মাধ্যমে ওই এলাকা কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে।
মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার দাবিও জানিয়েছে ইরান। চেয়েছে যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণ।
এছাড়া ইরানের বিরুদ্ধে অপপ্রচারে জড়িত সংবাদমাধ্যম কর্মীদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নিতে হবে- এমন দাবিও আছে কর্মকর্তাদের।

