বুশেহর পারমাণবিক কেন্দ্রে হামলা, কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

সংগৃহীত ছবি
ইরানের এক মাত্র কার্যকর পারমাণবিক কেন্দ্র বুশেহর হামলার শিকার হয়েছে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজ এক্সে দেওয়া এক পোস্টে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্য করে হামলার প্রসঙ্গ উল্লেখ করেছেন।
আরাকচি বলেছেন, ‘ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে সংঘর্ষ নিয়ে পশ্চিমাদের ক্ষোভের কথা মনে আছে?’—এরপর তিনি এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন।
এর আগে এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দেশটিকে ‘প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার’ হুমকি দেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, বুশেহরের সীমানায় একটি প্রজেক্টাইল আঘাত হেনেছে।
রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক জ্বালানি কোম্পানি রোসআটম জানিয়েছে, তাদের প্রায় ২০০ কর্মীকে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।
বার্তাসংস্থা তাসের প্রতিবেদন অনুসারে, রোসআটমের প্রধান নির্বাহী আলেক্সেই লিখাচেভ জানান, রোসআটম কর্মীদের সরিয়ে নেওয়ার ‘প্রধান ধাপ’ আজ শুরু হয়েছে, যেখানে ‘১৯৮ জন কর্মীকে সরিয়ে নেওয়া হচ্ছে।’
তাস আরও জানায়, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কোম্পানিটি কর্মীদের সরিয়ে নিচ্ছে এবং সর্বশেষ এই সরিয়ে নেওয়ার কার্যক্রম আগে থেকেই পরিকল্পিত ছিল।

