আগামীর সময়

পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া

পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া

ছবিঃ রয়টার্স

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থতির মধ্যে পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া। ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি নিষিদ্ধ করে খসড়া প্রস্তাব তৈরি করতে জ্বালানি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন তাস সংবাদ সংস্থা জানিয়েছে, পেট্রোল রপ্তানির এই নিষেধাজ্ঞা আগামী ৩১ জুলাই পর্যন্ত বহাল থাকতে পারে।

উপপ্রধানমন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে বৈশ্বিক তেল ও তেলজাত পণ্যের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। একইসঙ্গে বিশ্ববাজারে রুশ জ্বালানি তেলের উচ্চ চাহিদা একটি ইতিবাচক দিক হিসেবে রয়ে গেছে, যোগ করেন তিনি।

রুশ সরকারের এক বিবৃতিতে বলা হয়, অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণের পরিমাণ গত বছরের মতোই রয়েছে। এর মাধ্যমে তেলজাত পণ্যের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

দাম নিয়ন্ত্রণে রাখতে এবং ঘাটতি ঠেকাতে বরাবরই পেট্রোল ও ডিজেল রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে আসছে রাশিয়া। শিল্পসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দেশটি গত বছর প্রায় ৫০ লাখ টন পেট্রোল রপ্তানি করেছে; একদিনে যার পরিমাণ প্রায় ১ লাখ ১৭ হাজার ব্যারেল।

প্রসঙ্গত, ইউক্রেন গত বছর রাশিয়ার তেল শোধনাগারগুলোর ওপর হামলা বাড়ানোর পর এবং চাহিদা বাড়ায় দেশটির কিছু অঞ্চলে পেট্রোল সংকটের খবর পাওয়া গিয়েছিল।

    শেয়ার করুন: