আগামীর সময়

লিবিয়ায় গাদ্দাফির ছেলেকে 'গুলি করে হত্যা'

লিবিয়ায় গাদ্দাফির ছেলেকে 'গুলি করে হত্যা'

সংগৃহীত ছবি

লিবিয়ার সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। লিবিয়ান নিউজ এজেন্সির তথ্য বলছে, ৫৩ বছর বয়সী সাইফের মৃত্যুর খবর মঙ্গলবার তার রাজনৈতিক দলের প্রধান নিশ্চিত করেছেন।

কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি নিশ্চিত করা যায়নি। সাইফের বোন জানান লিবিয়া-আলজেরিয়া সীমান্তের কাছে তিনি নিহত হন। তবে জিনতান শহরে নিজ বাড়িতেই সাইফকে হত্যা করা হয়েছে বলে জানান তার আইনজীবী। তার দাবি, চার সদস্যের একটি কমান্ডো ইউনিট এই হামলা চালায়।


লিবিয়ান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘটনাটি নিশ্চিত করেনি।


মুয়াম্মার গাদ্দাফি ১৯৬৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত লিবিয়া শাসন করেছিলেন। ২০১১ সালে এক বিদ্রোহে তিনি ক্ষমতাচ্যুত ও নিহত হন। এরপর দেশের সবচেয়ে প্রভাবশালী এবং ভয়ঙ্কর ব্যক্তি হিসেবে দেখা হতো সাইফকে। তার জন্ম ১৯৭২ সালে। ২০০০ সাল থেকে গাদ্দাফি শাসনের পতন পর্যন্ত পশ্চিমা বিশ্বের সঙ্গে লিবিয়ার সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।


সরকারবিরোধী বিক্ষোভ নৃশংসভাবে দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অভিযোগ ছিল সাইফ আল-ইসলাম গাদ্দাফির বিরুদ্ধে। বাবার ক্ষমতাচ্যুতির পর জিনতান শহরের একটি মিলিশিয়া বাহিনীর হাতে প্রায় ছয় বছর কারাবন্দি ছিলেন তিনি।


২০১১ সালের বিক্ষোভ দমনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রথমে তার বিচারের উদ্যোগ নেয় আন্তর্জাতিক অপরাধ আদালত। পরে তার অবর্তমানে ২০১৫ সালে দেশটির পশ্চিমে জাতিসংঘ সমর্থিত সরকারের অধীনে থাকা ত্রিপোলির আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। দুই বছর পর মিলিশিয়া বাহিনী অ্যামনেস্টি আইনের অধীনে তাকে মুক্ত করে দেয়।


গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ার শাসনব্যবস্থা ভেঙে পড়ে। বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় নানান মিলিশিয়া। দুই প্রতিপক্ষ সরকারে দেশটি এখন বিভক্ত।

    শেয়ার করুন: