পাকিস্তানে সন্ত্রাসীদের হামলায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭

সংগৃহীত ছবি
পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ায় একটি ভ্রাম্যমাণ পুলিশ পিকআপে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে ছয় পুলিশ সদস্যসহ কমপক্ষে সাতজন নিহত এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
মঙ্গলবার পাখতুনখোয়ায় প্রদেশের কোহাতে এ ঘটনা ঘটে। খবর জিও নিউজের।
পুলিশ জানিয়েছে—শাকরদারা রোড এলাকায় পুলিশের ভ্রাম্যমাণ পিকআপ লক্ষ্যে করে প্রকাশ্যে গুলি চালায় সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই একজন ডেপুটি সুপারিনটেনডেন্টসহ তিন পুলিশ সদস্য নিহত হন। এসময় পুলিশ ভ্যানের পাশ দিয়ে দুইজন সাধারণ মানুষ যাওয়ার সময় তারাও আহত হন। হামলার পর সন্ত্রাসীরা মোবাইল ভ্যানে আগুন লাগিয়ে পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়—আহত তিন পুলিশ সদস্য এবং একজন বেসামরিক ব্যক্তি মারা যাওয়ার পর মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এছাড়া গুলিবিদ্ধ তিন পুলিশ সদস্য এবং আরেকজন সাধারণ ব্যক্তি এখনও চিকিৎসাধীন।
এঘটনায় ফিতনা আল-খাওয়ারিজ চরমপন্থিদের দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
একইসঙ্গে পেশাগত দায়িত্ব পালনে ডিএসপি মেহমুদ এবং তিন পুলিশ সদস্যর সাহসী ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি তাদের পরিবারের আন্তরিক সমবেদনা ও শোক প্রকাশ করেন নাকভি।
নকভি বলেন, শহীদরা জাতির আগামীকালের জন্য তাদের আজকের জীবন উৎসর্গ করেছেন, তাদের নিরন্তর আত্মত্যাগ সর্বদা স্মরণ করা হবে। নিহত পরিবারের পাশে সরকার দাঁড়াবে বলে আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিকে আফগানিস্তানের পার্শ্ববর্তী প্রদেশগুলোতে সন্ত্রাসী হামলা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
গতকাল সোমবার খ্রিষ্টান প্রদেশের কারাকের বদরাখাইল এলাকায় আহত কর্মীদের বহনকারী একটি অ্যাম্বুলেন্স সন্ত্রাসী হামলার শিকার হলে কমপক্ষে তিনজন ফেডারেল কনস্টেবলারি (এফসি) সদস্য নিহত হন।

