ট্রাম্পের দাবি
ইরানে লক্ষ্যের খুব কাছাকাছি মার্কিন বাহিনী

সংগৃহীত ছবি
ইরানের নৌবাহিনীর ড্রোন ও ব্যলিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, কৌশলগত লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে মার্কিন বাহিনী। গতকাল বুধবার (১ এপ্রিল) রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন ট্রাম্প।
যুদ্ধ কবে শেষ হবে সেই সময়সীমা না জানিয়ে ট্রাম্প বলেছেন, ‘খুব দ্রুতই, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আমরা তাদের বড় আঘাত করতে যাচ্ছি। যদি কোনও চুক্তি না হয়, আমরা তাদের প্রতিটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে খুব কঠিন আঘাত হানতে যাচ্ছি’, বলছিলেন ট্রাম্প। ‘সবচেয়ে সহজ লক্ষ্য হওয়া স্বত্বেও আমরা তাদের জ্বালানি স্থাপনায় হামলা করিনি। কারণ, এটি তাদের বেঁচে থাকার বা পুনরায় এগুলো তৈরি করার সুযোগ দেবে না।’
ইরানের নেতৃত্বের সঙ্গে আলোচনা চলছে বলে ট্রাম্প যে দাবি করে আসছিলেন সে বিষয়ে জাতির উদ্দেশে ভাষণে কিছু জানাননি তিনি। এর আগে একইদিন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ‘যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইরান’। সঙ্গে সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ট্রাম্পের দাবি ‘মিথ্যা ও ভিত্তিহীন’।
ইরানের দখলে থাকা হরমুজ প্রণালি সুরক্ষিত করতে মার্কিন মিত্রদের প্রতি আহ্বান জানান ট্রাম্প। বিলম্বে হলেও সাহস সঞ্চয় করতে মিত্র দেশগুলোকে আহ্বান জানিয়ে ট্রাম্প বলেছেন, ‘(হরমুজ) প্রণালিতে যাও এবং এটা দখল করো’।

