খামেনি হত্যার নিন্দা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের

সংগৃহীত ছবি
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানালেন। রবিবার (১ মার্চ) এই খবর দিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, ‘এই ঘটনা মধ্যপ্রাচ্যকে দীর্ঘস্থায়ী ও ভয়াবহ অস্থিতিশীলতার দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।’
‘কোনো রাষ্ট্রপ্রধানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করে এবং আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তিমূল নীতিমালা ও মানদণ্ডকে দুর্বল করে দেয়।’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তেহরানকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। ‘‘তেহরান যেন ‘চরম সংযমের সঙ্গে’ প্রতিক্রিয়া জানায়। পাশাপাশি সব পক্ষকে উত্তেজনা আরও না বাড়িয়ে পিছু হটতে হবে’’, শান্তির বার্তা দিয়ে এক্স হ্যান্ডেলে লিখলেন আনোয়ার ইব্রাহিম।
তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আরও লিখলেন, ‘তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং অর্থবহ সংলাপে ফিরতে হবে। এই সংকট বলপ্রয়োগের মাধ্যমে সমাধান সম্ভব নয়। এর জন্য প্রয়োজন কূটনীতি, সংযম এবং রাজনৈতিক সদিচ্ছা।’

