সতর্কতা ছাড়াই লেবাননের হোটেলে হামলা চালিয়েছে ইসরায়েল

গতকাল দক্ষিণ লেবাননের সিডনে জামা ইসলামিয়া অফিস লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। ছবি: এএফপি
লেবাননের বৈরুতের একটি আবাসিক হোটেলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই সেখানে হামলা করা হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বৈরুতের কাছে হাজমিয়েহ এলাকায় 'কমফোর্ট হোটেলে' ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। আলজাজিরার যাচাই করা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ভবনটির দেয়াল ও জানালা উড়ে গেছে এবং চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কিছুক্ষণ আগে বাহিনী বৃহত্তর বৈরুতের অংশ হাজমিয়েহ ও বাবদার সীমান্তবর্তী এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। কোনো পূর্বসতর্কতা ছাড়াই এই হামলা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সুনির্দিষ্ট কাউকে হত্যা করতেই এই হামলা হতে পারে। এই হামলায় হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে সারারাত দেশজুড়ে লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। আরামউনে একটি আবাসিক ভবনে এবং সাদিয়াথ নামের একটি গ্রামে হামলা হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় ছয়জন নিহত ও আটজন আহত হয়েছেন।
সিরিয়া সীমান্তের কাছে পূর্বাঞ্চলীয় শহর বালবেকেও একটি আবাসিক ভবনে হামলা চালানো হয়েছে। এতে এখন পর্যন্ত চারজন নিহত ও ১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

