ষোলশহরে শপিং কমপ্লেক্সে আগুন
চট্টগ্রাম ব্যুরো

ছবিঃ আগামীর সময়
চট্টগ্রাম নগরীর ষোলশহরে একটি শপিংমলে লেগেছে আগুন। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় তা নিভেছে প্রায় দেড় ঘণ্টা পর। ষোলশহর দুই নম্বর গেটের কাছাকাছি এলাকায় অবস্থিত শপিং কমপ্লেক্সটি।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য, শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে তারা আগুন লাগার খবর পায়। পাঠানো হয় পাঁচটি ইউনিট।
কীভাবে আগুন লেগেছে, জানা যায়নি তাৎক্ষণিকভাবে। সকাল সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন চলছে ক্ষয়ক্ষতির হিসাব, জানালেন ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মো. জসীম উদ্দিন।
শপিং কমপ্লেক্সটি বন্ধ থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে আগুনের খবরে আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে।



