চট্টগ্রামে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

ছবি: আগামীর সময়
চট্টগ্রামের ইপিজেড এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ইপিজেড থানার ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী কলেজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আপ্রুমং মারমা (২৬), থুয়াইচিং মারমা (২৯), ওথাইইনু মারমা (৩০) ও ওকরাইজা মারমা।
ইপিজেড থানা পুলিশ জানায়, ভুক্তভোগী ২২ বছর বয়সী ওই তরুণী ইপিজেড এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। একই এলাকার একটি বাসায় সহকর্মীদের সঙ্গে ভাড়া থাকতেন তিনি। গত ১০ এপ্রিল তার এক পরিচিত ব্যক্তি চিকিৎসার জন্য চট্টগ্রামে এসে ওই বাসায় অবস্থান করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে পরিচিত কয়েকজন তাকে জিজ্ঞাসাবাদের কথা বলে গত ১৯ এপ্রিল রাতে ইপিজেড এলাকার একটি বাসায় নিয়ে যান। সেখানে তাকে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়।
একপর্যায়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে কারাগারে।



