বিমানবন্দরে হজযাত্রীদের জন্য মানবিক উদ্যোগ

হজযাত্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নাশতার প্যাকেট
চট্টগ্রাম অফিস ইমিগ্রেশন পার হওয়ার পর দীর্ঘক্ষণ হজযাত্রীদের অপেক্ষা করতে হয় বিমানের জন্য। দুই-তিন ঘণ্টাও সময় লেগে যায় অনেক সময়। বাড়ি থেকে বের হয়ে বিমানবন্দরে পৌঁছানো, সিকিউরিটি চেকিং, লাগেজ টেনে নিয়ে যাওয়া এবং বোর্ডিং পাস সংগ্রহ করতে অনেক সময় কেটে যায় এর মাধ্যমেই। তারপর হয় ইমিগ্রেশন। এ দীর্ঘ সময় অপেক্ষমাণ থেকে ক্লান্ত হয়ে পড়েন বয়স্ক হজযাত্রীরা।
রবিবার বিকেলে প্রথম হজ ফ্লাইটের বিমানবন্দর লাউঞ্জে অপেক্ষমাণ যাত্রীদের হাতে তুলে দেওয়া হয় একটি করে নাশতার প্যাকেট। নেওয়া হয় না সৌজন্যমূলক কোনো অর্থ। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আট বছর ধরেই চলমান এই মানবিক উদ্যোগ। হজযাত্রীদের এই নাশতার প্যাকেটে রয়েছে এক পিস ঝাল স্ন্যাকস, এক পিস বাটারবন, এক পিস কেক ও এক বোতল পানি। পাশেই লাগানো আছে চা ও কফির মেশিন। যখন যার ইচ্ছা খেতে পারবেন।
এই মানবিক উদ্যোগ চালু করেছে দেশের অন্যতম সুফি সাধক ও শিল্পপতি মোহাম্মদ মিজানুর রহমানের গড়া শিল্প প্রতিষ্ঠান ‘পিএইচপি ফ্যামিলি’। ৩৯০ হজযাত্রীকে সরবরাহ করা হয় এই নাশতার প্যাকেট। এবার চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে হজে যাওয়া ৬ হাজার ৯০০ জন হজযাত্রীকে দেওয়া হবে এই সেবা।
বিমানবন্দরে এই উদ্যোগে আনুষ্ঠানিক যাত্রায় উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন। তিনি বলেছেন, আব্বার নির্দেশে আমরা হজযাত্রীদের কষ্ট লাঘবে হালকা সাহায্য করছি আট বছর ধরে।



